নতুন ব্যাংকের আবেদন চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন ব্যাংক প্রতিষ্ঠার আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে নতুন ব্যাংক প্রতিষ্ঠা-সংক্রান্ত আবেদন আহ্বানের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।জানা গেছে, দু-এক দিনের মধ্যে কয়েকটি সংবাদপত্রেও বিজ্ঞাপন দেওয়া হবে।আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইচ্ছুক উদ্যোক্তাদের নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে আবেদন প্রক্রিয়াকরণ ফি হিসেবে অফেরতযোগ্য ১০ লাখ টাকার ব্যাংক ড্রাফট কেন্দ্রীয় ব্যাংকের অনুকূলে জমা করতে হবে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা ও তা উদ্যোক্তাদের কাছ থেকে সংরক্ষণের বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে।কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ওয়েবসাইটে নতুন ব্যাংক প্রতিষ্ঠার চূড়ান্ত দিকনির্দেশনাটিও প্রকাশ করেছে। দিকনির্দেশনা অনুসারে, গত পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হয়ে থাকলে তিনি ব্যাংকের উদ্যোক্তা হিসেবে আবেদন করতে পারবেন না। আবার কোনো আদালত বা ট্রাইব্যুনালে খেলাপি-সংক্রান্ত কোনো ব্যক্তির মামলা বিচারাধীন থাকলে তিনিও উদ্যোক্তা হিসেবে আবেদন করতে পারবেন না।এ ছাড়া কোনো ব্যক্তি কর-সংক্রান্ত অনিষ্পন্ন মামলায় কোনো আদালত বা ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হলে বা রায়ের অপেক্ষায় থাকলে বা বকেয়া আয়কর পরিশোধ না করলে তিনিও আবেদন করতে পারবেন না। একইভাবে কোনো ব্যক্তির কাস্টমস শুল্ক-সংক্রান্ত, ভ্যাট, এক্সাইজ শুল্ক ও সম্পূরক শুল্ক-সংক্রান্ত দায় থাকলে বা এসব কোনো ক্ষেত্রে কোনো মামলার রায়ের অপেক্ষায় থাকলে কিংবা কোনো বিরুদ্ধ রায় থাকলে তিনি নতুন ব্যাংকের আবেদন করতে পারবেন না।আবেদন আহ্বানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্যোক্তারা যে ৪০০ কোটি টাকার মূলধন আনবেন, এর মধ্যে একজন উদ্যোক্তা কমপক্ষে এক কোটি টাকার শেয়ারধারী ও সর্বোচ্চ ব্যাংকের মূলধনের ১০ শতাংশ অর্থাৎ ৪০ কোটি টাকার শেয়ারের মালিক হতে পারবেন। আর এই অর্থ আয়কর বিবরণীর সঙ্গে জমা দেওয়া সম্পদ (আইটি ১০বি) হিসেবে দেখানো হয়েছে মর্মে এনবিআর থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের টাকায় নতুন ব্যাংকের শেয়ারধারী হওয়া যাবে না।নতুন ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের সক্ষমতা, সততা ও যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে উদ্যোক্তার অতীতের কার্যক্রম পর্যালোচনা করা হবে। যেমন—কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা বিচারিক রায় বিবেচনায় নেওয়া হবে।