নতুন ভবন, না তামাশা?

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত আধা পাকা ভবন নিয়ে বিপাকে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকেরা। বরাদ্দ না থাকায় নতুন ভবনে চালা, দরজা-জানালা কিছুই লাগানো হয়নি। শুধু দেয়াল তৈরি করে ভবনের কাজ শেষ করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৫ সালে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠাকালে মাটির মেঝের ওপর বাঁশের চাটাই দিয়ে ঘিরে কোনোমতে দাঁড় করানো হয় বিদ্যালয়টি। বহু আগেই সেসব চাটাই নষ্ট হয়ে পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘চকরঘুনাথ বালুদিয়ার প্রাথমিক বিদ্যালয়, শীত-গ্রীষ্ম-বর্ষা সব সময় সমস্যা’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর গত বছর লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় ৪ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪০ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রস্থের আধা পাকা একটি ভবন নির্মাণ করা হয়। পরে ইউএনও ভবনটি আরও ১০ ফুট বাড়াতে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেন। কিন্তু ভবনটিতে দরজা-জানালা ও ওপরের ছাউনির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সোনামুখী ইউপি সদস্য সাগর চৌধুরী ও আবু হাসান ডালিম প্রথম ৪০ ফুট লম্বা ভবনটির নির্মাণকাজ করেন। বাকি ১০ ফুটের কাজ করেন ইউএনও কার্যালয়ের অফিস সুপার জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। আসন্ন নতুন বছর থেকে নতুন ভবনে ক্লাস করার আশায় খুশিতে ভাসছিলেন শিক্ষার্থী-শিক্ষকেরা। কিন্তু দরজা-জানালা ও চালা না দিয়ে শুধু দেয়াল তৈরি করেই ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এই আধাআধি কাজ দেখে হতাশ হয়ে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। কারণ, অবস্থা দেখে তারা বুঝে গেছে, নতুন বছরেও আর নতুন ভবনটিতে বসে লেখাপড়া করা হচ্ছে না তাদের।
শিক্ষার্থী নাজমিন আক্তার বলে, ‘স্যারেরা আমাদের বলেছিলেন, তোমরা নতুন বছরে নতুন বই নিয়ে নতুন শ্রেণিকক্ষে বসে পড়ালেখা করবে। কিন্তু নতুন শ্রেণিকক্ষের দরজা-জানালা, ছাউনি কিছুই নেই। আমরা এ ভবনে বসে কীভাবে পড়ালেখা করব।’
অভিভাবক ভুট্টু মিয়া বলেন, ‘নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পর আমরা জানতে পারি যে দরজা-জানালা ও ছাউনি ছাড়াই নতুন ভবনের নির্মাণ বরাদ্দ দেওয়া হয়েছিল। তাই দরজা-জানালা, ছাউনি হয়নি। ভবনটি বিদ্যালয়ের কোনো কাজেই আসবে না। জানালা-দরজা ও ছাউনি ছাড়া এ ভবনটি তামাশা ছাড়া আর কিছুই না।’
প্রধান শিক্ষক পবিত্র কুমার মণ্ডল বলেন, ‘আমরা নতুন বছরে নতুন ভবনে পাঠদান করানোর আশায় ছিলাম। কিন্তু দরজা-জানালা ও ছাউনি না থাকায় আমরা তা পারছি না। নতুন ভবনটি উন্মুক্ত থাকায় সেখানে লোকজন মলমূত্র ত্যাগ করছে। ছাউনির অভাবে বর্ষাকালে বৃষ্টির পানিতে এ ভবন নষ্ট হয়ে যাবে। এ অবস্থায় নতুন ভবনটি নিয়ে আমরা বিপাকে পড়েছি।’
ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাগর চৌধুরী ভবনটির নির্মাণকাজ করার কথা স্বীকার করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে আমরা কয়েকজন ইউপি সদস্য বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ করেছি। বরাদ্দে দরজা-জানালা ও ছাউনির টাকা ধরা নেই। তাই সেগুলো করা হয়নি।’
উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির নতুন ভবনের নির্মাণ বরাদ্দে জানালা-দরজা ও ছাউনির টাকা ধরা নেই।