নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পুরাতন রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভবন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ঠিকমতো তদন্ত করা হচ্ছে না।গত সোমবার সরেজমিনে নতুন স্টেশন ভবন নির্মাণ করতে দেখা গেছে। এ সময় এলাকার আবদুল মালেক বলেন, এখানে ঢালাইয়ের জন্য যে সাটারিং করা হচ্ছে সেগুলো বাঁকা-টেরা। ক্রাং ছাড়া খাঁচা বাঁধাই করা হয়েছে। আরসিসি পিলারের সঙ্গে সংযোগ করা গ্রেড বিমগুলো সোজা হয়নি। সেগুলো হ্যান্ডেল দিয়ে টেনে সোজা করা হয়েছে। ফলে ভবনের ছাদের যে পরিমাণ লোড নেওয়ার কথা, সেটা নিতে পারবে না। এ ছাড়া বালু, পাথর ও সিমেন্টের মিশ্রণ ঠিকমতো হচ্ছে না। কাজের সময় রেলওয়ের পক্ষ থেকে কোনো তদারকি দেখা যায় না। প্রায় একই ধরনের অভিযোগ করেন এলাকার ইউনূস আলী, স্টেশনপাড়ার রড মিস্ত্রি আনোয়ার হোসেনসহ কয়েকজন। সেখানে কর্মরত রড মিস্ত্রি মো. মানিক বলেন, ‘আমি এখানে প্রায় এক সপ্তাহ ধরে কাজ করছি। আমাদের হাতে কোনো প্ল্যান দেওয়া হয়নি। তারা যেভাবে করতে বলছে আমরা সেভাবে কাজ করছি।’ ঠিকাদার আনোয়ারুল ইসলামের পক্ষে ব্যবস্থাপক আবুল কাশেম বলেন, ‘এখানে কাজের মান ঠিক আছে, এলাকার লোকজনেরই মান ঠিক নাই।’ কাজের শিডিউল দেখতে চাইলে তিনি বলেন, ‘শিডিউল কি সাইডে থাকে? আমরা নকশা অনুযায়ী কাজ করছি। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সাতটি স্টেশনের ভবন নির্মাণ করা হচ্ছে। রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (পার্বতীপুর) মো. ফজলুর রহমান বলেন, নীলফামারী পুরাতন স্টেশনে নতুন স্টেশন ভবন করা হচ্ছে। একইভাবে ডোমার, চিলাহাটি ও দারোয়ানী স্টেশনটি করা হচ্ছে। নীলফামারী কলেজ স্টেশন ও তরণীবাড়ী স্টেশন দুটি একই আদলে এবং মির্জাগঞ্জ স্টেশনটি সংস্কার করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাত কোটি টাকা। নতুন একতলাবিশিষ্ট ওই ভবনের যে ফাউন্ডেশন দেওয়া আছে, তাতে পাঁচতলা পর্যন্ত করা যাবে। কাজের বিষয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে।