নতুন ভবন নির্মাণে জটিলতা জরাজীর্ণটিতেই পাঠদান

গাজীপুর সিটি করপোরেশনের বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়টির নতুন একটি ভবন নির্মাণে জটিলতা দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৯ সালে বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে দুটি ভবন আছে। এর মধ্যে পশ্চিম পাশের তিন কক্ষের একতলা ভবনটি জরাজীর্ণ। ভবনটির দুরবস্থার বিষয়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একাধিকবার চিঠি দিয়েছেন প্রধান শিক্ষক। ভবনটির ভেতরে ও বাইরের পলেস্তারা অনেকাংশে খসে পড়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। দুর্বল ভিতের ওপর দাঁড়িয়ে আছে ভবনটি। তারপরও এই ভবনেই ক্লাস নেওয়া হচ্ছে। এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়টিকে নতুন একটি ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়।
কিন্তু বিদ্যালয়ের দুই ভবনের সামনে তিন শতাংশেরও কম জায়গা খোলা আছে। ওই জায়গায় নতুন ভবনটি নির্মাণ করার কথা। এটা হলে শিক্ষার্থীদের জাতীয় সংগীতের জন্য অ্যাসেমব্লি, শরীরচর্চাসহ খেলাধুলা করার জন্য কোনো জায়গা থাকবে না। এ কারণে নতুন ভবনটির নির্মাণে জটিলতা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে এলজিইডির স্থানীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়। নতুন ভবন নির্মাণের জন্য ঝুঁকিপূর্ণ ভবনটির অপসারণ প্রয়োজন। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা না হওয়ায় এটি অপসারণ করা যাচ্ছে না।
নতুন ভবন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গাজীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান বলেন, নতুন জায়গায় ওই ভবন নির্মাণ করলে প্রাথমিক বিদ্যালয়ের খোলা জায়গা কমে যাবে এবং পাশের হাইস্কুলের প্রধান ফটক প্রায় বন্ধ হয়ে যাবে। তবে বিকল্প হিসেবে দক্ষিণ পাশের ভবনটির ওপর একতলা বাড়ানো যায়।
এ ছাড়া পশ্চিম পাশের একতলা ভবনের একপাশে দোতলা ভবন নির্মাণ করলেও জায়গার অপচয় হবে না।
গাজীপুর সদর উপজেলা প্রকৌশলী বদরুল আজম বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে হলে ঢাকায় প্রতিবেদন পাঠাতে হবে। এ জন্য একটি কমিটি গঠন করতে হবে। এটা সময়সাপেক্ষ। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা আছে এ বছরের জুন মাস পর্যন্ত। ওই ভবন পরিত্যক্ত করতে দ্রুত সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন প্রয়োজন। তা না হলে প্রকল্প চলে যাবে।