বরগুনা জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সাততলা ভবনটির ভিত শক্ত করতে ৫৭ ফুট লম্বা পাইল স্থাপনের কথা থাকলেও, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এসব পাইল ঢোকানোর সময় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত ভেঙে যাচ্ছে। এতে নির্মাণের পর ভবনটি ভারসাম্যহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পাইল বসাতে গিয়ে পাইলের উপরিভাগে লোহার আচ্ছাদন (ফলস ক্যাপ) পরিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে (হ্যামারিং) বসানোর সময় পাইলের ৮ থেকে ১০ ফুট ভেঙে যাচ্ছে। যেটুকু বসানো হচ্ছে, তাতেও আবার ফাটল দেখা দিচ্ছে। নির্মাণকাজের নির্দেশনা অনুযায়ী, ৫৮ ফুট লম্বা পাইলগুলো পুরোপুরি মাটিতে বসানোর পর তা সমতল থেকে তিন ফুট গভীরে পুঁতে ফেলার কথা। কিন্তু পাইলের মাথাগুলো চার থেকে পাঁচ ফুট মাটির ওপরে রেখেই তা ভেঙে ফেলা হচ্ছে।
জেলা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের মে মাসে বরগুনায় এক জনসভায় বরগুনা জেনারেল হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। ২০১১ সালের জুন মাসে হাসপাতালের সামনের খালি জমিতে এই সাততলা ভবন নির্মাণের দরপত্র আহ্বান করে পূর্ত বিভাগ। ৩৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই ভবনের কাজ পায় ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খালেক কনস্ট্রাকশন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গনি দাবি করেন, পাইলে ফাটল দেখা দেওয়া বা ভেঙে যাওয়ার ফলে ভবনের ওপর কোনো প্রভাব পড়বে না। নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, ‘মাটি শক্ত হয়ে গেলে পাইল ভেঙে যেতেই পারে। আমরা বুয়েট থেকে পাইল পরীক্ষা করে এর গুণগত মান ভালো পেয়েছি।’
বরগুনা জেলা শিক্ষা-প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, প্রত্যেক ভবনেরই মূল চাপ বহন করে পাইল। এ ক্ষেত্রে নিয়মানুযায়ী পাইল তৈরি এবং সঠিক নিয়মে তা পুঁততে না পারলে ভবনের ভারসাম্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ভাঙা ও ফাটলযুক্ত পাইল মাটিতে পোঁতা হলে এতে ফাটল দিয়ে পানি প্রবেশ করবে। ফলে রডে মরিচা ধরে পাইলের ভারবহনক্ষমতা নষ্ট হয়ে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে ভবনের কাজে কর্মরত একজন শ্রমিক জানান, প্রথম থেকেই পাইল তৈরির কাজে সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণে অগভীর নলকূপের (৬০ ফুট গভীর) লবণাক্ত পানি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, লবণাক্ত পানি নির্মাণকাজে কখনোই ব্যবহার করা ঠিক নয়। এটা করা হলে দু-এক বছরের মধ্যেই ভবন ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) হওয়ার আশঙ্কা থাকে।
যোগাযোগ করা হলে খালেক কনস্ট্রাকশনের মালিক আবদুল খালেক জানান, পাইল স্থাপনে প্রতিটি ভবনের বেলাতেই এমনটা ঘটে থাকে। কারণ, পাইল স্থাপনের শেষের দিকে চারপাশের মাটি ঘনবিন্যস্ত (কম্প্যাক্ট) হয়ে যায়। ফলে হ্যামারিং করলে নিচের দিকে পাইল না গিয়ে ওপরেই ভেঙে যায়। এতে ভবনের কোনো ঝুঁকি নেই। কারণ, সাততলা ভবনে ৪৭ ফুট পাইল স্থাপন করলেই চলে। লবণাক্ত পানি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘এ সম্পর্কে আমি কিছু জানি না। আমার নিয়োগ করা প্রকৌশলীই সবকিছু দেখাশোনা করছেন।’