নতুন ভবন নির্মাণের এক মাসেই ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের মাস খানেক যেতে না যেতেই কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, এক কোটি ছয় লাখ টাকা ব্যয় ধরে ওই কার্যালয়ের জন্য দ্বিতল ভবন, সংযোগ সড়ক ও সীমানা দেয়াল নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। ২০০৯ সালের জুন মাসে কাজ পায় সিলেটের ঠিকাদারি প্রতিষ্ঠান আক্তার ট্রেডার্স। ওই বছরের ডিসেম্বরে ভবন নির্মাণের কাজ শুরু হয়। মাস চারেক কাজ চলার পর ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি কাজ গুটিয়ে চলে যান। পরে সেই কার্যাদেশ বাতিল করা হয়। ভবনের অবশিষ্ট কাজ করানোর জন্য ২০১২ সালের জুনে আবার দরপত্র আহ্বান করা হয়। এ দফায় কাজ পায় দ্য প্যাট্রিয়ট নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের জুন মাসের মধ্যে যাবতীয় কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হয় চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনের সামনের দেয়ালের একটি অংশ ও ভবনের পূর্ব পাশের চারটি আরসিসি পিলারের প্রত্যেকটির গোড়ায় ও মেঝের নানা জায়গায় ফাটল দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের এক কর্মচারী বলেন, গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতা ও ঠিকাদারদের গাফিলতির কারণে ভবনটির নির্মাণকাজ যেনতেনভাবে সম্পন্ন করা হয়েছে। ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ভয়ের মধ্যে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক জানান, ইট ও কংক্রিটের ঢালাইয়ের কারণে দেয়ালের একটি স্থানের কিছু অংশে সামান্য একটু ফাটল দেখা দিয়েছে। ভবনের পূর্বপাশের অংশে আরসিসি পিলার লাাগোয়া একটি নর্দমা নির্মাণ করা হয়েছে। ইটের গাঁথুনিতে ইট-সিমেন্টের মিশ্রণ ভালোভাবে না হওয়ায় হয়তো এমনটি হয়েছে। এতে ভবনের কোনো সমস্যা হবে না।
বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা দিরাইয়ের সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৯ জানুয়ারি বাদশাগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয়ের নির্মাণকাজ নিয়ে ‘উদ্বোধনের পর তিন মাসেও নির্মাণ সম্পন্ন হয়নি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।