নতুন ভবন পড়ে আছে কাজ চলছে টিনের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা প্রধান ডাকঘরের নতুন ভবন পড়ে আছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরা প্রধান ডাকঘরের নতুন ভবন পড়ে আছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার প্রধান ডাকঘরের নতুন ভবন নির্মাণের কাজ নয় মাস আগে শেষ হয়েছে। কিন্তু এখনো ডাকঘরের কাজ চলছে পুরোনো ঘরে। এখানে নেই কোনো নিরাপত্তাব্যবস্থা। নেই কাজ করার মতো জায়গা।
খুলনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের (ডিপিএমজি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসে প্রধান ডাকঘরের দোতলা ভবনের দরপত্র আহ্বান করা হয়। ৯০ লাখ টাকায় এ ভবন নির্মাণের কাজ পায় বাগেরহাটের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজি এন্টারপ্রাইজ। কাজ শেষ করে গত ২০১৪ সালের ৩০ জুন প্রতিষ্ঠানটি ভবন হস্তান্তর করে। তবে নতুন ভবনটিতে কবে ডাকঘরের কাজ শুরু হবে, তা কেউ জানে না।
গত সোমবার সাতক্ষীরার প্রধান ডাকঘরে গিয়ে দেখা যায়, টিনের একচালা ছাউনির ঘরে কাজ চলছে। এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তা-কর্মচারীরা গাদাগাদি করে বসে কোনো রকমে কাজ করছেন। লেনদেনের ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের টাকা খোয়া যায় বলে অভিযোগ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে ডাক বিভাগের একজন কর্মচারী জানান, চার-পাঁচজন পুলিশ দিয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকসহ বিভিন্ন পরীক্ষার খাতা পোস্ট অফিসে জমা দিয়ে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। এ ছাড়া এখানে ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ ১৩ ধরনের সেবার ব্যবস্থা রয়েছে। এসব সেবা নিতে আসা মানুষ জায়গার অভাবে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ টাকা লেনদেন হয় এ ডাকঘরে। অথচ এর জন্য সামান্যতম নিরাপত্তার ব্যবস্থা নেই।
ডাকঘরে টাকা তুলতে আসা সাতক্ষীরা শহরের পরিতোষ মণ্ডল বলেন, এখানে পকেটমার ওত পেতে থাকে। প্রায়ই কারও না কারও টাকা খোয়া যায়।

ডাকঘরের কাজ চলছে পুরোনো ঘরে l ছবি: প্রথম আলো
ডাকঘরের কাজ চলছে পুরোনো ঘরে l ছবি: প্রথম আলো


ইলেকট্রনিক মোবাইল মানি অর্ডার করতে আসা ঝাউডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বলেন, বসে কিংবা দাঁড়িয়ে কাজ করার মতো জায়গা এখানে নেই। এ ব্যাপারে সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাখাওয়াৎ হোসেন জানান, ডাকঘরের কাজ শেষ হয়েছে অনেক দিন আগে। পানির ব্যবস্থা না থাকায় নতুন ভবনে কাজ শুরু করা যাচ্ছে না বলে তিনি শুনেছেন। বিষয়টি খুলনা ডিপিএমজির কার্যালয় তদারকি করছে।
ডিপিএমজি আমিনুর রহমান জানান, ভবনের দরজায় যে কাঠ দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। এ ছাড়া ছোটখাটো কিছু ত্রুটি ঠিক না করে দেওয়ায় ঠিকাদারের কাছ থেকে ভবন বুঝে নেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ভবনের নকশায় পানির ব্যবস্থা নেই। অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কাজ করা হয়নি। বরাদ্দ না থাকায় এসব কাজ করা যাচ্ছে না। ফলে নতুন ভবন ব্যবহার করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে।