নতুন ভবন পেল বাগদাই প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-শিক্ষার্থী সবই ছিল, ছিল না বিদ্যালয়ের কোনো অবকাঠামো। গ্রামের এক বাড়িতে চলত কার্যক্রম। এখন আর সেই অবস্থা নেই হবিগঞ্জের বাহুবল উপজেলার গুংগিয়াজুরি হাওরে অবস্থিত বাগদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনতলা নতুন ভবন হয়েছে, দেওয়া হয়েছে নতুন আসবাব।
এসব হয়েছে সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সহায়তায়। গতকাল বৃহস্পতিবার নতুন বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন গ্রামের সহস্রাধিক বাসিন্দা।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। তিন-চার কিলোমিটারের মধ্যে বাগদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো বিদ্যালয় নেই। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। কোনো অবকাঠামো বা ভবন না থাকায় আট মাস আগে বিদ্যালয়ের সব কার্যক্রম চলত গ্রামের মিয়ার বাড়িতে। একদিন গ্রামের মানুষের খোঁজ নিতে উপস্থিত হন সাংসদ। গ্রামবাসীর কাছ থেকে শোনেন তাঁদের অবহেলার নানা কথা। এই সময়ের মধ্যে সাংসদ বিশেষ বরাদ্দ নিয়ে ৫২ লাখ ৬৫ হাজার টাকা খরচে তৈরি করে দেন তিনতলা বিদ্যালয় ভবন।