নতুন ভবন হলেও রোগীরা বারান্দা ও মেঝেতে
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য তিনটি ভবন নির্মাণ করার কাজ শেষ হয়েছে পাঁচ মাস আগে। কিন্তু ভবনগুলো হস্তান্তর না করায় রোগীদের দুর্ভোগ এখনো কমেনি। তাদের মেঝে ও বারান্দায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভবনগুলো হস্তান্তর না করায় রোগীদের পাশাপাশি চিকিৎসক ও সেবিকাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি একে অপরকে দায়ী করছেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ শয্যার ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১৯ শয্যার তিনতলা একটি ভবন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন ও সংযোগ সড়ক নির্মাণের জন্য সাত কোটি ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের জুনে দরপত্রের মাধ্যমে কাজটি পায় মানিক অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা ওই বছরের জানুয়ারিতে কাজ শুরু করেন। চলতি বছরের ৩০ জুন এ কাজ শেষ হয়।
ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি মাঈন উদ্দিন দাবি করেন, পাঁচ মাস আগে যাবতীয় কাজ শেষ হয়েছে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের গাফিলতির কারণে এটি হস্তান্তর করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ নিয়ে ঠিকাদারের কোনো প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করেননি।’
সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল হক বলেন, ‘ভবনসহ যাবতীয় কাজ কয়েক মাস আগে শেষ হয়েছে। সিভিল সার্জন মহোদয়কে আমি বিষয়টি জানিয়েছি। শিগগিরই ভবনগুলো হস্তান্তরের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’
সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, ‘ভবনের ছোটখাটো কিছু কাজ বাকি ছিল বলে বেশ কিছুদিন আগে আমাকে জানানো হয়েছিল। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছিল।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স কল্পনা ভৌমিক জানান, এখানে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী নিয়মিত ভর্তি থাকেন। কখনো কখনো এ সংখ্যা আরও বেড়ে যায়। ৩১ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় অনেক রোগীকেই মেঝেতে রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দোতলার বারান্দায় নয়জন রোগীকে শয্যা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। এ সময় সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মোক্তারপুর গ্রামের মতিউর রহমান (৭০) জানান, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে এখানে ভর্তি হয়েছেন। শয্যা না পাওয়ায় বারান্দায় থাকতে হচ্ছে তাঁকে। ঠান্ডা ও বাতাসের কারণে এখানে থাকতে তাঁর ভীষণ কষ্ট হচ্ছে।