নতুন ভবনে ওঠা নিয়ে ফের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ গতকাল বৃহস্পতিবার সকালে নতুন ভবনে উঠেছে। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক ভবন অবরোধ করেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিবাদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কর্মরত ১০ জন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মরত ১৫ জন শিক্ষক পদত্যাগপত্র জমা দেন। আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসনের জন্য প্রশাসনকে অনুরোধ করা হবে—শিক্ষক সমিতি ও ডিন কমিটির এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৬ মে শিক্ষকেরা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
এরই মধ্যে গতকাল সকাল ছয়টার দিকে পরিবেশবিজ্ঞান বিভাগ নতুন ভবনের তৃতীয় তলায় ওঠে। বিভাগের শিক্ষকেরা জানান, সিন্ডিকেট নতুন ভবনের তৃতীয় তলার ২৭ হাজার ৭৯৮ বর্গফুট বরাদ্দ দেয়। ২ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ-সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারি করেছিল।
এর প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১০টার দিকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন। অবরোধের কারণে উপাচার্য তাঁর কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
এদিকে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দুই বিভাগ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দুই বিভাগ এ অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ একই সঙ্গে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
সন্ধ্যায় পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের একটি ফটকের সামনে অবস্থান নেন। ভবনের অন্য ফটকটির সামনে অবস্থান করছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ভবনের তৃতীয় তলার বিদ্যুৎ-সংযোগ অন্য দুই বিভাগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেন পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. খবির উদ্দিন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই বিভাগের শিক্ষকেরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাফরূহী সাত্তার ও ডিন কমিটির আহ্বায়ক মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে তাঁরা সংশ্লিষ্ট তিন পক্ষের সঙ্গে কথা বলেছেন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধানের উপায় বের করা হবে—এমন আশ্বাসের ভিত্তিতে দুটি বিভাগ তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছিল। কিন্তু এরই মধ্যে পরিবেশবিজ্ঞান বিভাগ নতুন ভবনে ওঠায় তাঁরা বিব্রতবোধ করছেন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমাকে অফিস করতে না দিয়ে আবার আমার কাছেই সমাধান চাওয়া—এটা তো সাংঘর্ষিক। যাই হোক, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনে গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দের কারণে নিজেদের জায়গার সংকট হবে—এমন আশঙ্কায় ওই বিভাগটিকে নতুন ভবনে উঠতে বাধা দেয় ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এর পর থেকে তিনটি বিভাগে অচলাবস্থা বিরাজ করছে।