নতুন ভবনে ফাটল, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মতিহার হলের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলীদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আবাসিক শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হলের সামনে মানববন্ধন করেন। এরপর শিক্ষার্থীরা তিন দফা দাবিতে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের কাছে স্মারকলিপি দেন।
দাবিগুলো হলো দ্রুত ঝুঁকিপূর্ণ মতিহার হল ভবন ভেঙে পুনরায় ভবন নির্মাণ করা, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হলের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা এবং এই ভবন নির্মাণে জড়িত ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা।
সরেজমিনে দেখা যায়, হলের পশ্চিম ব্লকের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলার কয়েকটি কক্ষে ফাটল ধরেছে। এ ছাড়া পূর্ব ব্লকেরও কয়েকটি জায়গায় ফাটল দেখা গেছে। ভবনের দেয়ালে শক্ত কিছু দিয়ে আঘাত করা হলে পলেস্তারা খসে পড়ছে।
আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকৌশলীদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণেই নির্মাণাধীন এই হলে ফাটল ধরেছে। হলের আবাসিক শিক্ষার্থী আনিছুর রহমান, আর কে শামীম ও আক্তারুজ্জামান খান জানান, তাঁদের কক্ষে ব্যাপক ফাটল দেখা গেছে। এর ওপর আবার দুদিন ধরে একের পর এক ভূমিকম্প হচ্ছে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, ‘আমরা হলের ভবন ঘুরে দেখেছি। কিছু জায়গায় ফাটল দেখা গেছে। কিন্তু সেগুলো গুরুতর নয়।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘তিনি প্রধান প্রকৌশলীকে নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব ও পশ্চিম পাড়ার কয়েকটি পুরাতন ভবন এবং মতিহার হল ঘুরে দেখেছেন। ফাটলগুলো খুব বেশি না। তবু এ ঘটনায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ইউনুস আহমদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।’