নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ প্রায় ছয় বছর আগে শুরু হয়। ঠিকাদার মাঝপথে কাজ ফেলে চলে যাওয়ায় নতুন ভবনের নির্মাণকাজ আটকে আছে। বর্তমানে ৩১ শয্যাবিশিষ্ট পুরোনো জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম।এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবলের সংকট রয়েছে। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র। তাই এখানে আসা রোগীদের চিকিৎসাসেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ উপজেলার দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স।মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল প্রথম আলোকে বলেন, নানা সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগাক্রান্ত।জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ, আবাসিক ভবন সংস্কার ও পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্স ভবন মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিন কোটি ৫৩ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স লতিফ বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার ২০০৬ সালের ৩ এপ্রিল কাজ শুরু করে। ২০০৭ সালের ডিসেম্বরের মধ্যে তা শেষ করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাত্র ৪০ শতাংশ কাজ করেই চলে যায়। গত ১১ মার্চ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ছয়টি বৈদ্যুতিক পাখা আছে, যার পাঁচটিই অচল। অধিকাংশ জানালার কাচ ভাঙা, ছয়টি দরজার দুটিতেই কপাট নেই। ভর্তি হওয়া একাধিক রোগী অভিযোগ করেন, এখানে নিম্নমানের খাবার দেওয়া হয়। শৌচাগার নিয়মিত পরিষ্কার না করায় সারাক্ষণ ওয়ার্ডগুলোতে গন্ধ থাকে। চিকিৎসা কর্মকর্তা মাকসুদ আল মাসুদ এবং এ কে এম আবদুল্লাহ আল মামুন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনটির অবস্থা খুবই নাজুক। দরজা-জানালা ভাঙা। এটি সংস্কার না করায় পরিবার-পরিজন নিয়ে সারাক্ষণ উৎকণ্ঠায় থাকতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, নতুন ভবন নির্মাণকাজের মাত্র ৪০ শতাংশ শেষ করে ঠিকাদার চলে যাওয়ায় বাধ্য হয়ে পুরোনো জরাজীর্ণ ভবনে রোগীদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ঠিকাদার সম্পর্কে এর বেশি কিছু বলতে পারেননি তিনি।