নতুন ভবনের নির্মাণ বন্ধ ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য নির্মিত এ আবাসিক ভবনের কাজ ছয় বছর ধরে বন্ধ আছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য নির্মিত এ আবাসিক ভবনের কাজ ছয় বছর ধরে বন্ধ আছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ ছয় বছর ধরে বন্ধ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের সামনের একটি ভবন ও পেছনে চিকিৎসক-কর্মচারীদের দুটি পাকা ভবনের নির্মাণকাজ শেষ না করে ফেলে রাখা হয়েছে। কাজ ফেলে রাখায় রডগুলোতে মরিচা ও দেয়ালে শেওলা ধরে গেছে।
পিরোজপুরের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার হাসপাতাল হিসেবে চিকিৎসা কার্যক্রম শুরু করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে ২০০৭-০৮ অর্থবছরে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এই টাকা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন দ্বিতল ভবন, বহির্বিভাগের রোগীদের জন্য দ্বিতল ভবন নির্মাণ, চিকিৎসক-কর্মচারীদের জন্য দুটি নতুন আবাসিক ভবন নির্মাণসহ পুরোনো ভবন মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২০০৮ সালের ২৫ আগস্ট মেসার্স নুরী এন্টারপ্রাইজ নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ওই কার্যাদেশের ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে ঠিকাদার ২৫ ভাগ কাজ করে বাকি কাজ ফেলে চলে যান। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় ২০১৪ সালের ২৫ জুন নুরী এন্টারপ্রাইজের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়।
মেসার্স নুরী এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিডিউল অনুযায়ী কাজ শেষ করা সম্ভব হয়নি। আমি ২৫ ভাগ কাজ করে ১ কোটি ১৩ লাখ টাকার বিল জমা দিয়েছি। সেই টাকাও পাইনি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। সত্তরের দশকে নির্মিত ভবনটি এক দশক আগে জরাজীর্ণ হয়ে গেছে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবনের কাজ শেষ না করে ঠিকাদার ফেলে রেখেছেন। ভবনের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সৌলেন মণ্ডল বলেন, ঠিকাদার কাজ শুরু করার পর আর্থিক সংকটে পড়েন। এরপর রড, সিমেন্টসহ দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় লোকসানের ভয়ে ঠিকাদার কাজ শেষ না করে চলে যান। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয় এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে। 

এ বিষয়ে বরিশালের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম মইনুল হক গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই নতুন ভবন নির্মাণকাজের জন্য নতুন করে দরপত্র আহ্বান করার প্রক্রিয়া চলছে।