নতুন ভবনের নির্মাণ বন্ধ ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজ ছয় বছর ধরে বন্ধ থাকায় পুরোনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। সংশ্লিষ্ট ঠিকাদার ১০ ভাগ কাজ করে ৪০ ভাগ বিল তুলে লাপাত্তা থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মাহমুদ হোসেন জানান, ঠিকাদারের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এখন নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পর নতুন ভবন নির্মাণের জন্য প্রায় তিন কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৬ সালের ৩১ অক্টোবর তৎকালীন সরকারি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠান সিএমএমইউর কার্যাদেশ অনুযায়ী ঢাকার মের্সাস ওয়াহেদ ট্রেডার্স কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার কথা। ২০০৭ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। দুই মাসে ১০ ভাগ করার পর ঠিকাদার ৪০ ভাগ বিল তুলে নিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর ছয় বছর ধরে কাজ বন্ধ রয়েছে।সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল ভবনের দুই দিকে পত্তনসহ প্রায় ৯ ফুট উঁচু কংক্রিটের অসংখ্য স্তম্ভ (পিলার) অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সেগুলোতে ঝোপঝাড়ের স্তূপ। পরিত্যক্ত থাকায় বেশ কয়েকটি স্তম্ভ ভেঙে গেছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিধানচন্দ্র ঘোষ জানান, নতুন ভবনের কাজ শেষ করার জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দিয়েছেন। মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ জানান, হাসপাতালের মূল ভবনটি একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য নতুন দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কাজ কবে শুরু হবে, তা বলা মুশকিল।