ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে নতুন ভবনের নির্মাণকাজ প্রায় সাত মাস ধরে বন্ধ রেখেছে ঠিকাদার। এ বিষয়ে কর্তৃপক্ষ ঠিকাদারকে চিঠি দিলেও কোনো কাজ হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে দ্বিতল ভবনের নির্মাণকাজ পায় মেসার্স লতিফ বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভবনের নির্মাণব্যয় ধরা হয় চার কোটি ৪১ লাখ টাকা। ২০০৭ সালের মে মাসে কাজ শুরু হয়ে ১৮ মাসের মধ্যে তা সম্পন্ন করার কথা। কিন্তু ৩২ মাসেও কাজ সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স লতিফ বিল্ডার্স কাজ পেলেও ইরফান ইকবাল নামের এক ঠিকাদার এই কাজ করছে। দ্বিতল এই ভবনের দোতলার ছাদ আট মাস আগে ঢালাই দেওয়ার পর ঠিকাদারের লোকজন এলাকা থেকে চলে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নুরুল আমিন বলেন, কাজ বন্ধ করায় ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন করে তো ঠিকাদার নিয়োগ করা যাবে না, পুরোনো ঠিকাদারকে দিয়েই কাজ শেষ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সিএমএমইউয়ের সহকারী প্রকৌশলী এনায়েত উল্লা মুঠোফোনে বলেন, প্রকৃত ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়ে কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। কাজ শেষ করতে গড়িমসি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঠিকাদার ইরফান ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ৭০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে শিগগিরই কাজ শুরু করা হবে।