নতুন ভারতীয়রা পরিচয়পত্র পাচ্ছেন সোম ও মঙ্গলবার
বাংলাদেশের ভেতরে থাকা সাবেক ছিটমহলগুলোর যেসব বাসিন্দা ভারতীয় নাগরিক থাকতে চেয়েছেন, তাঁদের মধ্যে অস্থায়ী ভ্রমণ ও পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বসানো বিশেষ শিবিরগুলোর মাধ্যমে কাল সোম ও পরদিন মঙ্গলবার এই কার্ড দেওয়া চলবে। খবর ইউএনবির।
বাংলাদেশ-ভারত ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি এবং এর ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং রাজশাহীতে সহকারী হাইকমিশন এই উদ্যোগ নিয়েছে। যেসব ব্যক্তি এই পরিচয়পত্র গ্রহণ করবেন, তাঁরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত সীমান্ত পথগুলো ব্যবহার করে ভারতে চলে যেতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
পরিচয়পত্র দেওয়ার জন্য আজ সকাল ১০টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা রেস্ট হাউসে প্রথম শিবির উদ্বোধন করবেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
গত ৬ জুন বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিলে সই ও বিনিময় করে। এতে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পথ প্রশস্ত হয়।