কুমিল্লা মডার্ন হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মমতাজ বেগম। গতকাল মঙ্গলবার সকালে তিনি ওই পদে যোগদান করেন। এর ফলে বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক-কর্মচারী সাত মাসের বকেয়া বেতন-ভাতা পাচ্ছেন এবং বিদ্যালয়টির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকেরা তাঁদের মর্যাদা ফিরে পেলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খানের স্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানার চাকরির মেয়াদ ২০১০ সালের ৩০ জুন শেষ হয়। এরপর তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেন আরও দুই বছর। ওই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করেননি বলে জানা গেছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, ভুক্তভোগী শিক্ষক ও বিভিন্ন নথিপত্র ঘেঁটে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর থেকে কুমিল্লা মডার্ন হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজল খান ও প্রধান শিক্ষক নার্গিস সুলতানা বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ও তিন কর্মচারীর বেতন-ভাতার ফরমে সই করছেন না। তাঁরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তি বাতিল করে ‘আফজল খান ফাউন্ডেশন’-এর মাধ্যমে পরিচালনা করতে চান। ২০০৯ সালের ২৯ জুলাই আফজল খানের ফাউন্ডেশন কমিটি ঘোষণাকে অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। এরপর এ বছর নতুন করে তিনি একই প্রক্রিয়া শুরু করেন। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা গত ২৫ এপ্রিল থেকে কুমিল্লা নগর ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ ২২ জুন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আন্দোলনরত শিক্ষকেরা তাঁর বাসায় গিয়ে দেখা করেন। এরপর তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। ২৩ জুন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) আফসার উদ্দিন কুমিল্লা মডার্ন হাইস্কুলের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়াসহ সরকারি অংশের বেতন-ভাতা উত্তোলন প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি চিঠি দেন। ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও একই চিঠি দেওয়া হয়।
জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। মাউশির চিঠি অনুযায়ী বোর্ড ব্যবস্থা নেবে।
গতকাল বিকেলে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে গিয়ে দেখা গেছে, কুমিল্লা মডার্ন হাইস্কুলের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বসে আছেন। তাঁদের চোখেমুখে আনন্দ। দীর্ঘদিনের হতাশার চাপ থেকে মুক্ত হয়ে তাঁরা এখন খুশি। সাত মাস পর তাঁরা বেতন পাচ্ছেন। প্রধান শিক্ষক বেতন ফরমে সই করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তা দাপ্তরিক কাজে চৌদ্দগ্রাম উপজেলায় গেছেন। সেখান থেকে এসে তিনি সই করবেন। এরপর ব্যাংকে ফরম জমা হবে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন।
নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘আগামী ১০ জুলাই বিদ্যালয় খুলবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের আদেশ পালন করব। শিক্ষকেরা বেতন পাচ্ছেন, এর থেকে খুশির খবর আর কী হতে পারে!’