গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় চার দিন ধরে উপাচার্য (ভিসি) ছাড়াই চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থ, উন্নয়নসংক্রান্তসহ নানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কয়েকজন শিক্ষক নতুন ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল মান্নান আকন্দ বলেন, ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের আগের ভিসি মাহবুবর রহমানের চার বছরের মেয়াদ শেষ হয়। ২০ মার্চ থেকে আজ পর্যন্ত ভিসি নিয়োগ দেওয়া হয়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা ভিসি হিসেবে নিয়োগ পেতে লবিং শুরু করেছেন। আগের ভিসি মাহবুবর রহমানও তাঁদের মধ্যে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য সাবেক কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন মিয়া, ছাত্রকল্যাণ পরিচালক মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক এ আর এম সোলাইমান শিক্ষামন্ত্রীর কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে নতুন ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন।
মাহবুবর রহমান বলেন, তাঁর সময়ে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণভাবে চলেছে। ভিসি নিয়োগের দাবিতে সাবেক ভিসি আবদুল মান্নান আকন্দের নেতৃত্বে একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ২০ মার্চ থেকে ভিসি না থাকায় আর্থিক লেনদেন, উন্নয়ন কার্যক্রমসহ নানা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতি মাসের ২৭ তারিখ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার কার্যক্রম শুরু হয়। কিন্তু ভিসি নিয়োগ না হলে বেতন উত্তোলন বিঘ্নিত হবে। ভিসি নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় এবং ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন চলতে থাকলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়া ছাড়াও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ভিসি নিয়োগের দাবি আদায়ে কিছু শিক্ষক ক্যাম্পাসে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন।