নতুন ভোটার ৪৩ লাখ ৬৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা গতকাল শনিবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন।
গতকাল নির্বাচন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৫ শতাংশ। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। প্রতিবারের মতো এবারও পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম। অন্তর্ভুক্তির হার পুরুষ ৫২ দশমিক ৬১ এবং নারী ৪৭ দশমিক ৩৯ শতাংশ। হালনাগাদে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে কাটা হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ এবং নারী ২ লাখ ৫০ হাজার ৭২ জন। বর্তমানে দেশের ভোটারসংখ্যা ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন।
খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কেউ ভোটার হতে চাইলে বা অন্য কারও ভোটার হওয়ার বিরুদ্ধে আপত্তি জানাতে এবং তথ্য সংশোধন করতে চাইলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
খসড়া এই তালিকা সবার দেখার জন্য জেলা নির্বাচন কার্যালয়, সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কার্যালয়, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড এবং নিবন্ধন কেন্দ্রে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, নারীদের ভোটার করার জন্য এবার কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছিল। তা সত্ত্বেও পুরুষের তুলনায় নারীরা ভোটার কম হয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোটার এলাকা বিন্যাস করে দিলে সাবেক ছিটমহলের বাসিন্দাদের ভোটার করা হবে।