নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন
ভোটার তালিকায় সারা দেশে ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ ও নারী ২১ লাখ ২৩২ জন। গতকাল রোববার হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।
ভোটার তালিকা হালনাগাদের পর সব মিলিয়ে বর্তমানে দেশের ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন (৫০ দশমিক ৩৭ শতাংশ) ও নারী ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন (৪৯ দশমিক ৬৩ শতাংশ)। হালনাগাদের সময় ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকার যাত্রা শুরু হয়। তখন দেশের ভোটারসংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখের বেশি।
এবার প্রথমবারের মতো ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশন সচিবালয় থেকে জানানো
হয়েছে, এতে ৬৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর এদের ভোটার তালিকাভুক্ত করা হবে।