নতুন ভোটার টানতে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রায় ৩১ হাজার নতুন ভোটার হয়েছেন। ফলাফল নির্ধারণে এই নতুন ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। তাই সব প্রার্থীই এসব ভোটারকে কাছে টানার চেষ্টা করছেন।আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত সমিঞ্চলিত নাগরিক কমিটি ও বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এবং যুবলীগ থেকে বহিষ্কৃত প্রার্থী নতুন ভোটারদের কাছে টানতে কৌশলী হচ্ছেন। তরুণদের জন্য বিনোদন, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ আধুনিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার দুই লাখ ১০ হাজার ৮৫৫ জন। গতবারের তুলনায় এবার ভোটার বেড়েছে ৩১ হাজার ৪৬২ জন। এঁদের অধিকাংশই তরুণ। বাকিরা স্থানান্তরিত হয়ে শহরে এসেছেন।এ বছর প্রথম ভোট দেবেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদা আক্তার। তিনি জানান, তরুণ প্রজন্মের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন দরকার। আর এই কাজে যিনি এগিয়ে আসবেন, যিনি তরুণদের অগ্রাধিকার দেবেন, তাঁকেই তিনি ভোট দেবেন।নতুন ভোটারের প্রসঙ্গে সমিঞ্চলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন অরাজনৈতিক হলেও নতুন প্রজন্মের ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তিকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।’ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিব বলেন, ‘নতুন ভোটারদের কথা মাথায় রেখেই নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ করা হয়েছে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছি। বেকার সমস্যা দূর করতে তরুণেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ মাহমুদুল হক বলেন, ‘আমি তরুণদের প্রার্থী। ছাত্রাবস্থা থেকে তরুণদের নিয়ে কাজ করেছি। তাই এই নির্বাচনে তরুণেরা আমাকেই ভোট দেবেন।’ বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, এখনকার তরুণেরা অনেক সচেতন। বিশাল এই ভোটার যেদিকে যাবেন, সেই প্রার্থীই জয়ী হবেন। তাঁদের অযথা প্রলোভন দেখিয়ে কাছে টানা সম্ভব হবে না।