নতুন ভোটার ৬৯ লাখ ৩০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন ভোটারের সংখ্যা ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শেষে এই হিসাব দাঁড়িয়েছে। এ কারণে সব মিলিয়ে এখন দেশের ভোটার সংখ্যা নয় কোটি ২১ লাখের বেশি।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ২০১৩ সালের জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, এ তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের ১০ মার্চ থেকে হালনাগাদের কাজ শুরু হয়। শেষ হয় ১৫ ডিসেম্বর।সিইসি জানান, গত মার্চ পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল আট কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। হালনাগাদে ছয় লাখ ৭৩ হাজার ৮৯৬ জন মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন মোট ভোটার নয় কোটি ২১ লাখ ২২ হাজার ৩৩২ জন। তবে চলমান প্রক্রিয়া হিসেবে নির্বাচনের আগ পর্যন্ত যে কেউ ভোটার হতে পারবেন।কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ১৭ জানুয়ারির মধ্যে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তি করা হবে ২২ জানুয়ারির মধ্যে।