সৎ, যোগ্য, শিক্ষিত, দুর্নীতি করবেন না এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন—এমন প্রার্থীদের ভোট দিতে চান নতুন ভোটাররা। দল বা প্রতীক নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চান তাঁরা। ভোটার হয়ে দেশের নাগরিক হতে পেরেছেন বলেও মনে করেন কেউ কেউ। এত দিন জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে পারেননি। এবার ভূমিকা রাখতে চান তাঁরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নতুন কিছু ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ দফায় আগামী ৭ মে নির্বাচন হবে। এখানে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৪৫ ও সাধারণ সদস্যপদে ১৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাধানগর ইউপির মালিগাঁও গ্রামের কলেজছাত্র সৌরভ ইসলাম (১৯) বলেন, ‘জীবনে প্রথম ভোট দেওয়ার আনন্দই আলাদা। প্রতীক নয়, যোগ্য প্রার্থী দেখেই ভোট দেব।’ রাধানগর গ্রামের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. হাবিবুর রহমান বলেন, ‘বিচার-বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই ভোট দেব।’