নতুন ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২৫ মে ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘নতুন ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

আলোচনার সুপারিশ

* শিল্পপ্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক হওয়ার জন্য যৌক্তিক সময়  পর্যন্ত সুরক্ষানীতির আওতায় আনতে হবে

*   ভ্যাটের হার এমনভাবে িনর্ধারণ করতে হবে যেন তা ব্যবসায়ী ও সরকারের জন্য ভারসাম্যপূর্ণ হয়

*   ভ্যাট আদায়ে প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে

*   ক্রেতারা যে ভ্যাট দেয় সেটা সরকারের কোষাগারে জমা হওয়ার িবষয়টি িনশ্চিত করতে হবে 

*  ভ্যাটের আওতা আরও বিস্তৃত করতে হবে 

*   এনবিআর ও এফবিসিসিআইকে একসঙ্গে কাজ করতে হবে

আলোচনা 
আব্দুল কাইয়ুম: নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। এতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা। কিন্তু এ নিয়ে ব্যবসায়ী ও ভোক্তামহল থেকে আপত্তি উঠেছে। সবাই নানা যুক্তি দিচ্ছেন। এতে কী সুবিধা হবে আর কী অসুবিধা—এটা আমাদের জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যাটের বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করব। 

প্রথমে এনবিআরের মূসকনীতি শাখার সদস্য জাহাঙ্গীর হোসেনকে আলোচনার সূত্রপাত করতে অনুরোধ করছি।

.
.

জাহাঙ্গীর হোসেন
আমরা ভ্যাট শব্দ চালু করতে চাই। মূসক  শব্দটির চেয়ে ভ্যাটই বেশি অর্থবহ। ১৯৯১ সালে আমাদের দেশে ভ্যাট আইন চালু হয়। উৎপাদন, আমদানি ও অল্প কিছু সেবায় এটা আরোপ করা হয়েছিল। পরবর্তী সময়ে মূল বৈশিষ্ট্য ক্ষুণ্ন করে খুচরা পর্যায়ে এটি আরোপ করা হয়। 

এর মধ্যে ব্যবসা-বাণিজ্যে নতুনত্ব এসেছে। ফলে ওই আইন এসব আমলে নিতে পারছিল না। এ ছাড়া আমাদের কর-জিডিপির অনুপাত কম। সে কারণেই এই নতুন আইন। কর-ব্যবস্থার ভিত্তি প্রসারিত হওয়া উচিত। তা না হলে গুটি কয়েক ব্যক্তি সরকারের রাজস্বের প্রয়োজনীয়তা মেটাতে পারে না। ফলে করের জালের আওতা বাড়াতে হবে। পরিশোধব্যবস্থা সহজতর করতে হবে। তা না হলে কর ফাঁকির প্রবণতা বাড়বে।

নতুন আইনের উদ্দেশ্যই ছিল মৌলিক খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা—এসব বাদ দিয়ে অন্য সবকিছু করের আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে সহনীয় হার নির্ধারণ করা। যা হোক, কয়েক মাস ধরে করের হার নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন, এটা একটু বেশি। 

১৯৯১ সালে কিন্তু আবগারি শুল্ক ও সেলস ট্যাক্স ছিল। তখন করের ওপর কর ছিল। সব মিলিয়ে তা ১৫ শতাংশের মতোই ছিল। ভ্যাটের হার নির্ধারণে অর্থনৈতিক অবস্থা, করের আওতাবহির্ভূত কী থাকল; সীমা, আয়কর, আমদানি শুল্ক, বাণিজ্য কর এসব কত; এর সঙ্গে সরকারের জনকল্যাণমুখী কাজের জন্য রাজস্ব চাহিদা কতটা—এসব বিবেচনা করতে হয়। 

বিশ্বের ১৬০টি দেশে ভ্যাট আছে। বৈশ্বিক গড় হার কিন্তু ১৬ দশমিক ৫। অর্থাৎ, আমাদের হার বৈশ্বিক গড় হারের চেয়ে কম। আমরা কর-ব্যবস্থা ঢেলে সাজাতে চাই। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থেকে আমরা এটিকে করদাতাবান্ধব করতে চাই।

আমরা এটিকে অ্যাডভাইজরি ব্যবস্থা বানাতে চাই, যাতে করদাতারা কর দিতে পারেন। যঁাদের ভ্যাট পরিশোধ করা উচিত কিন্তু করছেন না, তাঁদের কর জালের আওতায় নিয়ে আসতে চাই। করের ভার ন্যূনতম রাখতে আমরা নতুন আইনে একটি অনন্য ব্যাপার রাখছি। 

আমরা এতে দুটি স্তর রাখছি। যাদের টার্নওভার ১ থেকে ৩০ লাখ টাকা, তারা কিন্তু পুরোপুরি ভ্যাটের আওতার বাইরে থাকবেন। এরপর ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ পর্যন্ত যাদের আয়, তাঁরা শুধু ৩ শতাংশ টার্নওভার ট্যাক্স দেবেন।

১৯৯১ সালের আইনে সরকারের ক্ষমতা আছে, তারা যেকোনো পণ্য ও সেবাকে করের আওতায় নিয়ে আসতে পারে, তাদের টার্নওভার যা-ই হোক না কেন। নতুন আইনে কর্মকর্তাদের সে ক্ষমতা নেই। শুধু তামাক ছাড়া সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য। 

মৌলিক খাদ্য ভ্যাটের আওতার বাইরে থাকছে। নিত্যপ্রয়োজনীয় বস্তুসহ জীবনরক্ষাকারী ওষুধ করের আওতার বাইরে থাকছে। যেসব খাত সরকারের নীতিগত সহায়তা পাচ্ছিল, সেগুলো অব্যাহত থাকবে।

কাস্টমস ব্যবস্থাপনাও আমরা উন্নত করেছি, যাতে প্রকৃত ভ্যাট আরোপ করা যায়। মোদ্দা কথা হলো, একদম সাধারণ গ্রাহকদের ব্যয়ের বোঝা বাড়বে না, তবে যিনি বড় অ্যাপার্টমেন্ট কিনবেন, তাঁকে কিছুটা অতিরিক্ত ব্যয় করতে হবে।

.
.

শেখ ফজলে ফাহিম

১৫ শতাংশ ভ্যাট আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রধান উদ্বেগ। কারণ, মূল্য সংযোজন কর ও বিক্রয় কর যেকোনোভাবে এক হয়ে যাচ্ছে। 

নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিভিত্তিক পণ্যে ভ্যাটের ব্যাপারে আমাদের উদ্বেগ ছিল, সেটা আমলে নেওয়া হয়েছে বলে আমরা খুশি। তবে আমরা ৩ শতাংশ টার্নওভার করের সীমা ৫ কোটি টাকা রাখার প্রস্তাব করেছিলাম। আমাদের বিবেচনায় এটাই বাস্তবসম্মত। 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এটা পুরোপুরি মেনে চলার জন্য পঁাচ বছর সময় দেওয়া উচিত। এঁরাই দেশের ২০ শতাংশ ব্যবসা-বাণিজ্যের প্রতিনিধিত্ব করছেন। এ ব্যাপারে সীমাবদ্ধতা থাকলে আমরা বসে সেটা ঠিক করতে চাই। 

হালকা প্রকৌশল খাতের ব্যাপারে যা বলেছিলাম, সে ব্যাপারে আমরা এখনো উত্তর পাইনি। রিসাইক্লিং শিল্প সম্পর্কেও আমাদের এখনো কিছু জানানো হয়নি। কুটিরশিল্পে ছাড় আসবে কি না, তা-ও জানি না। 

১ হাজার ৫২০টি পণ্যে সাপ্লিমেন্টারি শুল্ক ছিল, সেটাই থাকছে, ব্যাপারটা ইতিবাচক। তবে আমাদের মূল উদ্বেগের জায়গা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এফবিসিসিআই কাস্টমস ও ভ্যাটের ব্যাপারে এনবিআরের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছে। 

এনবিআরের সঙ্গে আমাদের অম্ল–মধুর সম্পর্ক। কিন্তু আমরা যত বেশি পরস্পরের সঙ্গে যুক্ত হব, ততই ভালো। বলা হচ্ছে, মাইল্ড স্টিলে যে ভ্যাট বাড়বে, তা বহন করার সক্ষমতা আমাদের আছে। কিন্তু সামান্য যা বাড়বে, সেটাই যে আদায় করা হবে, সেই নিশ্চয়তা কোথায়?

আমাদের এডিবির বড় অংশ নির্মাণ। ফলে টনপ্রতি স্টিলের দাম সাড়ে ৭ হাজার টাকা বাড়লে তার প্রভাব তো পড়বেই। এ ছাড়া গ্রাহকের কাছ থেকে কত নেওয়া হবে, তা কে জানে!

নতুন আইনে আত্মীয়স্বজনের কাছ থেকেও খেলাপি ভ্যাট আদায়ের বিধান আছে, সেটার সংজ্ঞা কী হবে তা জানা দরকার। কথা হচ্ছে, ৩০ বছর আগের ব্যবসায়ী সমাজের সঙ্গে আজকের ব্যবসায়ীদের মিল নেই। অবদান রাখাটা আমরা জাতীয় দায়িত্ব মনে করি।

যেকোনোভাবে সিদ্ধান্ত নেওয়ার রীতি থেকে বেরিয়ে আসতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে কেন তাঁর কার্যালয়ে অভিযান চালানো হবে? আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু ভয়ভীতি দিয়ে তা হবে না।

.
.

লিয়াকত আলি ভূঁইয়া: আবাসন খাত অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে। এই খাতের সঙ্গে ইট–সিমেন্টসহ ২৫০টি খাত যুক্ত। এখন কথা হচ্ছে, অতিরিক্ত ভ্যাট আরোপ হলে মানুষের ক্রয়ক্ষমতা অবশ্যই কমবে। এর প্রভাবে অর্থনীতিতে প্রভাব পড়বে। 

সাপ্লায়ার্স ভ্যাটের জন্য বলা হয়েছে, কাগজ দিলেই চলবে। কিন্তু রংমিস্ত্রির কাগজ নেই, যারা আমাদের স্ক্রু সরবরাহ করে, তাদের কাগজ নেই। তাহলে এসব আমরা কীভাবে সরবরাহ করব? সে জন্য আমাদের পঁাচ বছর রেয়াত দেওয়া হোক। আমরা সরকারকে ভ্যাট দিতে চাই। কিন্তু কীভাবে আমরা সেটা দেব, তার জন্য আমাদের কর্মশালা করতে হবে। অর্থাৎ, এই ব্যাপারটার সঙ্গে আমাদের ধাতস্থ হতে হবে। 

.
.

তৌফিকুল ইসলাম খান: ২০১২ সালে নতুন ভ্যাট আইন প্রণয়নের পর এই সময়ে অনেক পরিবর্তন এসেছে। উভয় পক্ষই কাছাকাছি এসেছে। তবে সম্পূরক শুল্কের ব্যাপারটা এখনো পরিষ্কার হয়নি। ভ্যাটের হার নিয়ে আমাদের দ্বিমত আছে। আশপাশের দেশের তুলনায় আমাদের ভ্যাটের গড় হার কিছুটা বেশি। তাই আমরা এটা কমানোর কথা বলেছি। 

ভ্যাট কমালে সরকারের রাজস্বপ্রাপ্তি কমে যাবে। আমরা কীভাবে এটা পুষিয়ে নেব? আমাদের ভ্যাটের আওতা বাড়ছে, তার মাধ্যমে সংগ্রহ বাড়তে পারে, আবার প্রশাসনিক দক্ষতার ওপর এটা নির্ভর করছে। অর্থাৎ, আমরা কতটা দক্ষতার সঙ্গে ভ্যাট সংগ্রহ করতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ।

আরেকটি ব্যাপার জানতে পারলাম, কিছু পণ্যে সম্পূরক শুল্ক বাড়ছে। তবে পত্রিকার খবরে এটা পরিষ্কার হলো না, আমদানি নাকি স্থানীয় পর্যায়ে এটা বাড়ছে। তামাকের ওপর সম্পূরক শুল্ক বাড়ছে, এটা নিয়ে আমাদের কারও কথা নেই। কিন্তু জ্বালানি তেলের ওপরও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব আছে। তাহলে তো সরকার আবার পুরোনো জায়গায় যাবে। তখন সরকারকে আবার ভর্তুকি দিতে হবে। 

মোবাইল ফোনের ওপর সম্পূরক শুল্ক বসবে। এমনিতেই কলের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আছে। মনে রাখা দরকার, মোবাইল ফোন এখন আর বড়লোকের জিনিস নয়। এটা এখন প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। বিদ্যুতের ব্যাপারে  ব্যাখ্যা দেওয়া হয়েছে; তবে এটা এমআরপি হিসেবে সরকারের কাছ থেকে আসবে কি না, তার নিশ্চয়তা লাগবে।

বড় সমস্যা হচ্ছে, কার টার্নওভার ৩০ লাখ, কার ৮০ লাখ, এটা কে নির্ধারণ করবে? এতে এফবিসিসিআইয়ের বড় ভূমিকা পালন করার সুযোগ আছে। সব জায়গায় ইসিআর ও পিওএস ব্যবহার নিশ্চিত করা গেলে ভালো। কারণ, আমরা ভোক্তারা ভ্যাট দিলাম, অথচ সরকারের কোষাগারে তা জমা পড়ল না, এটা হতে পারে না। এই যন্ত্রগুলো ঠিক কি না, তা আমরা কীভাবে বুঝব, সেটা নিশ্চিত করতে হবে।

.
.

মুহাম্মদ জাকির হোসেন: ১৯৯১ সালের মূল্য সংযোজন কর আইন ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সফল হয়নি। সে কারণে এই নতুন আইন করার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। এ ছাড়া নানা বিচ্যুতির কারণে ভ্যাট চেইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

নতুন আইন ক্ষুদ্র ব্যবসাকে মূল্য সংযোজন করের আওতাবহির্ভূত রেখেছে। বলা যায়, এটাই এই আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী যাঁদের বার্ষিক বিক্রয় বা টার্নওভার ৩০ লাখ টাকার ওপরে নয়, তাঁরা ভ্যাটের আওতার বাইরে থাকবেন। এমনকি তাঁদের কোনো প্রকার কর দিতে হবে না। ভ্যাটের হার বাড়ার পরও নতুন আইনে খরচ কিন্তু বাড়বে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি হিসাব ঠিকমতো রাখতে পারেন, তাহলে খরচ কমবে। ইসিআর ব্যবহার করে এটা নিশ্চিত করা সম্ভব। বলা যায়, এই ইসিআর আপনার ম্যানেজার।

নতুন আইনে কর রেয়াতের পরিধি বড় হবে। ব্যবসার প্রায় সব উপকরণের বিপরীতে রেয়াত প্রযোজ্য হবে। সবচেয়ে বড় কথা হলো, রেয়াতের ক্ষেত্রে শর্ত বা সীমাবদ্ধতা নেই। একমাত্র ক্রয় চালানই রেয়াত গ্রহণের বৈধ দলিল।  অন্যদিকে ভ্যাট পরিশোধ পদ্ধতিও সহজ করা হচ্ছে। এখন আর ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ভ্যাট দিতে হবে না, অনলাইনে ভ্যাট পরিশোধ করা যাবে। অনলাইনে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। 

.
.

গোলাম রহমান: এনবিআরের সদস্য বলেছেন, নিত্য বা ভোগ্যপণ্যের ওপর ভ্যাট আরোপিত হবে না। কিন্তু ভ্যাট শেষমেশ ভোক্তারাই দেন। তাই তাঁদেরই সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা। ভোগ্যপণ্যের ওপর ভ্যাট আরোপিত হবে না, তার নিশ্চয়তা কী?

পণ্যের মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাক, আবার এটাও দেখা যাক, আমরা কত ভ্যাট দিচ্ছি। এখন পানি, বিদ্যুৎ ও জ্বালানির দাম কি ভ্যাট বাড়ার কারণে বাড়বে? এটা ভেবে আমরা শঙ্কিত। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাম বাড়লে কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দামই বাড়বে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা যেসব পণ্য বিক্রি করবেন, তাঁরা কি গ্রাহকের কাছ থেকে ভ্যাট নেবেন? আমাদের শিল্পপতিরা চিরকাল সুরক্ষা চান। অথচ এর জন্য ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারা। আমি সুরক্ষার বিরুদ্ধে নই, এর সঙ্গে আমাদের ভোক্তার স্বার্থ রক্ষা করতে হবে। সুরক্ষা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া যায়।

  আমাদের দেশে এমনিতেই বাসভবনের অভাব আছে। গুলশান ও বনানীর কথা বলছি না, সেখানকার মানুষ ৫ কোটির জায়গায় ৭ কোটি টাকা দিতে পারেন। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বাড়লে নিম্ন-মধ্যম আয়ের বিপুলসংখ্যক মানুষ ভুক্তভোগী হবে। এটা মনে রাখতে হবে, বাসস্থান আমাদের মৌলিক অধিকার। তবে আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে না বলে নিশ্চয়তা দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ।

.
.

মো. হুমায়ূন কবীর: স্বচ্ছতা ও জবাবদিহির পরিপ্রেক্ষিতে নতুন আইনকে স্বাগত জানাতে হয়। কিন্তু এর বাস্তবায়ন না হলে ভালো আইন খারাপ আইনে পরিণত হতে পারে। 

ভ্যাট দিতে হবে একদম ১৫ শতাংশ। কিন্তু এতে বিভিন্ন শুভংকরের ফাঁকি আছে। এনবিআরের হিসাব কিন্তু মানুষ বুঝবে না। তারা জানতে চায়, জীবনযাত্রার ব্যয় বাড়বে কি না। 

এরপর বলা হয়েছে, ২০১২ সালে আইন প্রণীত হলেও ব্যবসায়ীদের সুবিধার কারণে ২০১৭ সালে তা কার্যকর হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়, কারণ আইন কার্যকর করতে হলে বিধি প্রণয়ন করতে হয়। সেটা হয়েছে কিছুদিন আগে। ফলে এনবিআর কীভাবে বলে, ব্যবসায়ীদের কারণে এর বাস্তবায়ন পিছিয়েছে?

অন্যদিকে উৎসে কর নিয়ে যা বলা হয়েছে, আমার পক্ষেই তা বোধগম্য হয়নি। জনাব জাহাঙ্গীরের কথা শুনে আশ্বস্ত বোধ করছি, যাক আমাদের কথা আমলে নেওয়া হয়েছে। 

রাজস্বের সঙ্গে কর্মসংস্থান ও অর্থনৈতিক চক্র জড়িত আছে। সামগ্রিক হিসাব-নিকাশ করলে দেখা যাচ্ছে, ভ্যাটের কার্যকর হার দাঁড়াচ্ছে ১৬ দশমিক ৫ শতাংশ। এটা আমাদের মতো অর্থনীতির পক্ষে বহন করা সম্ভব নয়। 

সরকার যদি শুদ্ধাচার চায়, তাহলে উৎসে কর বা অগ্রিম ভ্যাট রাখা হয়েছে কেন? নতুন আইনে ভ্যাট ও কাস্টমস আলাদা হবে। আমরা এটাকে স্বাগত জানাই। নতুন আইন বাস্তবায়িত হওয়ার আগে পরিপত্র দেওয়া হয়েছে, ভ্যাট ও কাস্টমস কার্যালয় থেকে আলাদাভাবে সংগ্রহ করতে হবে। তাই এ দুটিকে আলাদা ক্যাডার সার্ভিসের আওতায় আনা দরকার।

যেমন স্বাস্থ্য খাতে চিকিৎসাবিদ্যা ছাড়া অন্য ডিগ্রিপ্রাপ্ত মানুষকে নেওয়া হয় না। তেমনি এ দুটি খাতেও সংশ্লিষ্ট অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে নেওয়া উচিত হবে না। সে জন্যই বলেছিলাম, ভালো আইন খারাপ আইন হয়ে যেতে পারে। 

.
.

কে এম এইচ শহীদুল হক: ভ্যাটনীতির সদস্য জাহাঙ্গীর হোসেন বলেছেন, আইন প্রয়োগ করে ব্যবসায়ীদের কর জালে আনতে হবে। এই মনোভাব ঠিক নয়, এটার দরকার নেই। এনবিআর এনএসডব্লিউ নামে ভালো একটি জিনিস করছে, অর্থাৎ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এতে আমরা সবাই স্বতঃপ্রণোদিত হয়ে যাব। কারণ ওখানে আমরা অনেক সুবিধা পাব। 

১৯৯১ সালের আইন খারাপ, এটা বলা যাবে না। গত কয়েক বছরে কিন্তু এই আইনের আওতায় রাজস্ব সংগ্রহে ২৫ থেকে ২৭ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। মূল বিষয় হলো, আমাদের তহবিল দরকার। পদ্মা সেতু হচ্ছে, টানেল হচ্ছে। ফলে টাকা তো লাগছেই। প্রাক্কলিত রাজস্বের মধ্যে বৃহৎ করদাতা ইউনিটগুলোই ৫৪ দশমিক ৮৬ শতাংশ জোগান দিচ্ছে। বাকি যা থাকছে তার ৭০ শতাংশ উৎসে কর থেকে পাওয়া যাচ্ছে। এরপর যে ৮ থেকে ১০ হাজার কোটি টাকা দরকার হচ্ছে, তার জন্য এত চেষ্টাচরিত্র করা হচ্ছে। 

কিছু জায়গায় আমাদের টাকা আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমাদের আন্ডারইনভয়েস কত হচ্ছে? ২০১৫ সালের এক বিশ্লেষণে দেখা গেছে, আমাদের আন্ডারইনভয়েস হচ্ছে ১ হাজার ২০০ কোটি ডলার। সেখান থেকে ৪০ শতাংশ ভ্যাট ও কর পেলে আমরা ৩২ হাজার কোটি পেতাম। এতে আমাদের এসএমই খাত বড় হতো। সে ক্ষেত্রে এই ৮ হাজার কোটি টাকার জন্য এত কিছু করতে হতো না। 

আমদানি নীতির জন্য এফবিসিসিআইয়ের দেওয়া প্রস্তাব অজ্ঞাত কারণে বাদ পড়ে গেছে। এটাও খেয়াল করা দরকার, ১৯৯১-৯২ সালে বিস্তারিত আমদানি নীতি ছিল। কিন্তু এখন আমদানি নীতি এক লাইনের। আপনি যা খুশি তাই আমদানি করতে পারবেন, বাধা নেই।

আমাদের লক্ষ্যটা কী? লক্ষ্য যদি হয় রাজস্ব আহরণ, তাহলে এনবিআরের উচিত সহযোগী হিসেবে এফবিসিসিআইয়ের সঙ্গে কাজ করা। সেটা হলে এই ৮ থেকে ১০ হাজার কোটি টাকা তুলতে বেগ পেতে হবে না। 

মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে চান। আমরা তো কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করি না, আমদানি করি। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এর ওপর ৫৮ দশমিক ৯৬ শতাংশ কর ধার্য করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি অনুসারে এটা হতে পারে না। জিজ্ঞাসা করা হলে আমাদের বলা হলো, ভুল হয়ে গেছে, আগামী বাজেটে এটা ঠিক করা হবে।

রিটার্ন জমাদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনবিআরের পেমেন্ট গেটওয়ে দরকার। এতে আমরা সবাই জানতাম, কত টাকা জমা হয়েছে। প্রযুক্তির জন্য মানবসম্পদের উন্নয়ন করতে হবে।

.
.

আহসান এইচ মনসুর: ভ্যাটের বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের কী উদ্বেগ থাকা দরকার, সেটা দিয়েই শুরু করব। ভ্যাট তো ভোক্তা দেন, এটা ব্যবসায়ীদের ব্যাপার নয়। তাই ব্যবসায়ীরা সহজে নিবন্ধন করা, হয়রানি বন্ধ, সেবার মান বাড়ানো— এসব বিষয়ে বলতে পারেন। এর বাইরে তাঁদের অন্য ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নেই।

আমাদের যে টার্নওভার সীমা নির্ধারণ করা হয়েছে, তা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে অনেক বেশি। ভারতে এই সীমা ১০ লাখ, যদিও অনুন্নত রাজ্যগুলোতে তা ৫ লাখ। আর আমরা ৫ কোটি টাকার কথা বলছি। 

দ্বিতীয়ত, সীমা বাড়ানোটা কি ব্যবসা-সহায়ক? এসএমইদের জন্য ৫ কোটি টাকা সীমা নির্ধারণ করা হলে কেউ তাদের কাছ থেকে কিছু কিনবে না। কারণ, সব ক্রেতাই তো চাইবে এমন কারও কাছ থেকে কিনতে, যারা তাকে ভ্যাট রসিদ দেবে। এতে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। নন-কমপ্লায়েন্ট কোম্পানি কোনো দিন বড় হতে পারে না। 

ভ্যাট ১৫ শতাংশ থাকা উচিত কি উচিত নয়, এ প্রসঙ্গে বলব, এটা কিন্তু হঠাৎ করেই উঠল। এর আগে কেউ ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে কথা বলেননি। যাঁরা এই দাবি তুলছেন, আশা করি তাঁরা এটা বোঝাবেন। 

এতে যে ভোক্তাদের ক্ষতি হবে, তা নয়। এখন কিন্তু সব মিলিয়ে ভোক্তা ২৩ শতাংশ ভ্যাট দিচ্ছে। আমি মনে করি, প্রকৃত ভ্যাট নেওয়া হলে ভোক্তার ভ্যাট কমবে। 

পৃথিবীতে কোনো দেশ সুরক্ষা দিয়ে উন্নত হয়নি। অথচ বিশ্বে আমরাই সবচেয়ে বেশি সুরক্ষা দিই। আমরা মিথ্যা যুক্তি দিই, বলি সুরক্ষা আমাদের প্রবৃদ্ধির চাকা দ্রুততর করবে।  সুরক্ষা শিল্প খাতকে অদক্ষ করে তোলে। স্টিলের দাম ৫০ হাজার টাকা টন, আন্তর্জাতিক বাজারের তুলনায় এটি দ্বিগুণ। সুরক্ষানীতির কারণেই এটি হচ্ছে। 

আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। শুল্কের এই হার থাকলে কে আমাদের সঙ্গে বাণিজ্য করতে আসবে? আমরা অস্পৃশ্য হয়ে থাকব। ভিয়েতনাম সবার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে। সুরক্ষামূলক প্রবৃদ্ধির এই মনোভাব বাদ দিতে হবে। কিছু কিছু অর্থনৈতিক নীতি সব ক্ষেত্রেই প্রযোজ্য। তবে আমি মনে করি, যেখানেই রাজস্ব পাওয়া যায়, সেখানেই করের হার বাড়িয়ে দেওয়া উচিত নয়। 

এফবিসিসিআইয়ের এই প্রস্তাব আমি সমর্থন করি। মূল কথা হলো, ব্যবসায় হয়রানি করা যাবে না। আর এটিভি ক্ষণস্থায়ী হতে পারে। নির্দিষ্ট সময় পর এটি তুলে দেওয়া উচিত। তবে ভ্যাট আইনটি ভালো। সবাই একসঙ্গে বসে এটি কার্যকর করা উচিত। 

.
.

সৈয়দ নাসিম মঞ্জুর: আহসান মনসুর অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। তিনি সঠিকভাবেই বলেছেন, ব্যবসাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এফবিসিসিআইও সে কথা বলে। আমরা সমরূপ ভ্যাটের পক্ষে। 

আমাদের হালকা প্রকৌশলসহ অনেক শিল্পই এখনো কমপ্লায়েন্ট হতে পারেনি, তাই আমরা ভ্যাটমুক্ত টার্নওভারের সীমা ৫ কোটি রাখার প্রস্তাব করেছি। তাদের ধাতস্থ হতে সময় দিতে হবে। 

এমনকি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বলেছে, মেক্সিকোর কারখানা থেকে বিএমডব্লিউ গাড়ি আনা হলে তার দাম ৩৫ শতাংশ বেশি হবে। অর্থাৎ, সুরক্ষানীতি কিন্তু সব জায়গাতেই আছে। অর্থনৈতিক নীতিও সর্বজনীন নয়।

 আমরা জানি, শিকাগো স্কুল অব ইকোনমিকস ও মার্ক্সবাদী অর্থনৈতিক স্কুল এক নয়। সাধারণত আমরা তৃণমূল থেকে খবর পেয়ে থাকি। স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রমিতকরণ কাজের কথা নয়। পৃথিবীর কোথাও এটি ঘটে না। 

সবাই নিজের প্রয়োজনমাফিক সিদ্ধান্ত নেয়। তাই হুট করে বাংলাদেশেও এমন প্রমিতকরণের মানে হয় না। এ ছাড়া আমাদের নানা শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে উঠছে। এই শিল্প রক্ষা করতে হবে। এসব বিবেচনায় নিয়েই আমরা উল্লিখিত প্রস্তাব দিয়েছি। 

আর বাড়ি কিনলেই যে কারও পক্ষে অতিরিক্ত কর দেওয়া সম্ভব হবে, তা নয়। যারা কেবল কর্মজীবনে প্রবেশ করল, তারা তো আর দেড় কোটি টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে না। তারা ৩০ থেকে ৫০ লাখ টাকায় বাড়ি কিনবে। আর গৃহায়ণ মানুষের সাংবিধানিক অধিকার। 

.
.

মঞ্জুর আহমেদ:  দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ব্যবসার মুনাফা সবচেয়ে কম। তার কারণ হচ্ছে, আমাদের এখানে ব্যবসা করার খরচ অনেক বেশি। এই বাস্তবতা মেনেও আমরা বিনিয়োগ করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, যথেষ্ট বিনিয়োগ হচ্ছে না।  আমাদের পরিপ্রেক্ষিত মনে রাখা দরকার। কথা হচ্ছে, আমাদের ব্যবসার খরচ বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে ভ্যাট ও কর। সে জন্য ভ্যাটের একটি দীর্ঘমেয়াদি কাঠামো আমাদের জানতে হবে।

আজ এক হার আবার কাল আরেক হার, এটা হতে পারে না। অন্তত আমরা যদি জানতে পারি, আগামী পঁাচ বছর পর হারটা কত হবে। ভবিষ্যতে ভ্যাটের হারের কারণে আমাদের ব্যবসার খরচ বাড়বে না, এটা নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি জনাব জাহাঙ্গীর যে ভ্যাটের আওতা বাড়ানোর কথা বলেছেন, তার সঙ্গে আমরা একমত। কারণ, আমরা যারা দিচ্ছি, তারা দিয়েই যাব। আর যারা দিচ্ছে না, তারা কখনো দেবে না, তা হতে পারে না। কিন্তু শেষমেশ বিনিয়োগ যদি স্থবির হয়ে যায়, তাহলে লাভ হবে না। 

আমাদের ব্যবসার পরিসর বড় করতে হবে। তাহলেই না আমরা ভ্যাট পাব। আমাদের প্রবৃদ্ধি না হলে রাজস্ব বোর্ড রাজস্ব পাবে কোত্থেকে? এ ছাড়া কিছু বাস্তব সমস্যা আছে। নতুন আইনে চলতি হিসাব রাখা যাবে না, এমন একটি বিধান আছে, যাতে আমাদের সমস্যা বাড়বে। 

বিতর্ক হলে আমরা  চলতি হিসাবটা দেখাতে পারি আমরা এ বছর কত ব্যবসা করেছি। কিন্তু এটি না রাখা গেলে এই সুযোগ থাকবে না। পরিশেষে এটিভি ও এআইটি অবশ্যই বন্ধ করতে হবে। কারণ, ব্যবসা না হলেও এর মাধ্যমে কর নেওয়া হচ্ছে, যা মোটেও উচিত নয়। 

জাহাঙ্গীর হোসেন: ১৯৯১ সালের আইনে যেমন একটি হার ছিল, তেমনি এবারও আশা করি, একটি হারই থাকবে। এতে ব্যবসায়ীদের পক্ষে বিনিয়োগ করা সহজতর হবে। এটা ঠিক, এ মুহূর্তে আমাদের নিবন্ধিত ভ্যাটদাতার সংখ্যা আট লাখের বেশি, কিন্তু নিয়মিত ভ্যাট দেয় ৩৩ হাজার। 

মূলত আমরা যথাযথভাবে ফলোআপ করতে পারছি না। অনেকে ব্যবসা বদলালে পরবর্তীকালে আর রিটার্ন দেন না। ফলে আমাদের কাজ হচ্ছে, তাঁরা যদি ব্যবসা-বাণিজ্যে থাকেন, তাহলে তাঁদের রিটার্ন দিতে বাধ্য করা। আর ব্যবসা না করলে নিবন্ধন বাতিল করতে হবে। 

আইন প্রয়োগে দুর্বলতার কারণে এটা করা সম্ভব হচ্ছে না। নতুন আইনে যেহেতু অনলাইনে রিটার্ন দিতে হবে, তাই যাঁরা দিচ্ছেন না, তাঁদের সহজেই চিহ্নিত করা যাবে।

আলোচনায় এটিভি ও এআইটি সম্পর্কে জোরালো বক্তব্য এসেছে। এটা ঠিক, নতুন আইনের চেতনার সঙ্গে এটা যায় না। আমি আশ্বস্ত করতে পারি, এই আইন যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের সহযোগিতায় যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে আগামী চার–পাঁচ বছর পর এর প্রয়োজনীয়তা থাকবে না।

নতুন ভ্যাট আইনে যাতে পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে না যায়, সেটা নিশ্চিত করা হবে। এটাও ঠিক, কিছু শিল্পকে সুরক্ষা দিতে গিয়ে ১৬ কোটি মানুষ অতিরিক্ত ভার বহন করছে। কিন্তু আমরা সেই সুরক্ষা নীতি থেকে বেরিয়ে আসতে পারছি না। 

আমরা এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের িশল্পপ্রতিষ্ঠান দক্ষতা অর্জন করতে পারবে না।

আব্দুল কাইয়ুম: ভ্যাট নিয়ে আজ একটি ফলপ্রসূ আলোচনা হলো। এটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে উদ্বেগ রয়েছে তা এই আলোচনার পর মনে হয় প্রশমিত হবে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের এ বিষয়ে দূরত্ব কমে আসবে। 

এমনভাবে নতুন ভ্যাট আইন কার্যকর করা উচিত, যা সরকার ও ব্যবসায়ী সবার জন্য ভারসাম্যপূর্ণ হয়। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন 

জাহাঙ্গীর হোসেন        :  সদস্য, মূসকনীতি

শেখ ফজলে ফাহিম      :  প্রথম সহসভাপতি, এফবিসিসিআই 

সৈয়দ নাসিম মঞ্জুর       :  সাবেক সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব 

                            কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং 

                            ব্যবস্থাপনা পরিচালক, অ্যাপেক্স ফুটওয়্যার লি.

আহসান এইচ মনসুর     :  নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট

গোলাম রহমান          :  সভাপতি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

মুহাম্মদ জাকির হোসেন  :  উপ–প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন

লিয়াকত আলি ভূঁইয়া     :  সহসভাপতি, পরিচালনা পর্ষদ, রিহ্যাব

মো. হুমায়ূন কবীর       :  সভাপতি, টিসিএলসি ও কাউন্সিল মেম্বার, আইসিএবি

তৌফিকুল ইসলাম খান  :  রিসার্চ ফেলো, সিপিডি  

কে এম এইচ শহীদুল হক   :       সাবেক সভাপতি, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন 

মঞ্জুর আহমেদ            :  সাবেক উপদেষ্টা, এফবিসিসিআই

সঞ্চালক

আব্দুল কাইয়ুম         : সহযোগী সম্পাদক, প্রথম আলো