নতুন মন্ত্রিসভা গঠনের পর আলোচনা হতে পারে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমান সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নতুন মন্ত্রিসভা গঠনের পর মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে। তবে তার আগে বিরোধী দলের নেতা-কর্মীদের অহমিকা ত্যাগ করে এবং নাশকতামূলক কর্মকাণ্ড বাদ দিয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে।

আজ রোববার সন্ধ্যায় বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি করে তোফায়েল বলেন, এই নির্বাচন করা ছাড়া তাঁদের সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এবং তাদের সুবিধামতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছে। অর্থাত্ নির্বাচনে জেতার গ্যারান্টি নিয়ে তারা নির্বাচন করতে চেয়েছে। আওয়ামী লীগের পক্ষে তাদের এই দাবির কাছে আত্মসমর্পণ করে তত্ত্বাবধায়কের দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি।

তোফায়েল বলেন, যেকোনো সরকারই পাঁচ বছরের জন্য গঠিত হয়। তবে এই সরকার পাঁচ বছরই থাকতে চায়, তা তিনি বলবেন না। তিনি মনে করেন, বিরোধী দল সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী হলে নতুন সরকার মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে আলোচনা করতে পারে। তবে এই আলোচনার ব্যাপারে তাঁর দল কোনো টাইমলাইন নির্ধারণ করেনি। নতুন মন্ত্রিসভা গঠনের পর পরিস্থিতি বুঝে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।