নতুন মা পেল শিশুটি!
শিশুটি পড়ে ছিল ঝোপে। হঠাৎ কান্নার শব্দ শুনতে পেল আরেক শিশু হামিদা আক্তার (১২)। হামিদা ঝোপে গিয়ে দেখল ফুটফুটে এক বাচ্চা। সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল তার মায়ের কাছে। পরে হামিদার মা খুকী বেগম উদ্ধার করলেন ওই শিশুটিকে। শিশুটিকে আগলে রাখলেন নিজের সন্তানের মতো। এতে করে শিশুটি পেল নতুন ঠিকানা, নতুন মা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হামিদা গতকাল ভোরে ছোট ভাইয়ের জন্য দোকানে নিমকি কিনতে যায়। দোকান থেকে ফেরার পথে রাস্তায় নিমকি পড়ে গেলে তা তুলতে গিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে কান্নার শব্দ পায় হামিদা। ঝোপের মধ্যে ঢুকে সে দেখতে পায় সদ্য প্রসব হওয়া ওই শিশুকে। পরে ওই শিশুটিকে নিয়ে যান হামিদার মা খুকী বেগম। হামিদা প্রথম আলোকে জানায়, ‘ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুইনা ঝোপে গিয়া দেখি, একটি বাচ্চা মাটিতে পইড়া আছে। হেরে চিকায় খাইতাছে। চিকায় হের ঠোঁট অর্ধেক খাইয়া ফালাইছে। হের পর একটা মাইয়ারে কইছি তুই বাচ্চাডারে দেখিছ, আমি মারে খবর দিতাছি। দৌড়াইয়া গিয়া মারে কইলাম। মায় তাড়াতাড়ি আইয়া বাচ্চাডারে কোলে লইয়া বাড়ি আইছে।’ সরেজমিনে দেখা যায়, খুকী শিশুটিকে পেয়ে নিজের সন্তানের মতো আদর করছেন। তাঁর স্বামী ইদ্রিছ মিয়া একটি করাতকলে কাজ করেন। তাঁদের সংসার কোনো রকমে চললেও শিশুটিকে পেয়ে তাঁরা খুশি। শিশুটিকে একনজর দেখতে দশানীর খুকীর বাড়িতে ভিড় করছে কৌতূহলী মানুষ। খুকী বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার আগে ছিল দুই পোলা আর এক মাইয়া, অহন আমার তিন পোলা। হের নাম রাখছি রবিউল আউয়াল। আমার একটু কষ্ট অইলেও তাকে নিজের ছেলের মতোই রাখুম।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস প্রথম আলোকে বলেন, শিশুটির দায়িত্ব নিয়েছেন খুকী। এলাকার কিছু মানুষ তার চিকিৎসার জন্য সহায়তা করেছে।