
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে’ নিয়ে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন বিশ্লেষকেরা।
বৈঠক শেষে যৌথ ঘোষণায় ২০১৭ সালকে বন্ধুতার বছর হিসেবে অভিহিত করা হয়েছে।
চীনা প্রেসিডেন্ট দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। তাঁদের বৈঠকের পর দুই দেশ ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এ ছাড়া চীনের অর্থায়নে ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করা হয়েছে।
দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চালুর লক্ষ্যে দুই দেশ যৌথ সমীক্ষা চালাতে সম্মত হয়েছে। বন্ধুত্বকে এগিয়ে নিতে দুই দেশ ২০১৭ সালকে ‘বিনিময় ও বন্ধুতার’ বছর হিসেবে অভিহিত করেছে। তবে চীনের প্রেসিডেন্টের এই সফরে বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ কত, তা জানানো হয়নি।
আনুষ্ঠানিক আলোচনার পর গণমাধ্যমের সামনে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুই দেশ সহযোগিতার নিবিড় সমন্বিত অংশীদারত্বকে সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে নিতে রাজি হয়েছে। কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের জনগণের আর্থসামাজিক অগ্রগতিতে আমরা কাজ করতে সম্মত হয়েছি।’
কৌশলগত অংশীদারত্ব বলতে কী বোঝানো হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, আর্থসামাজিক, বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও নিবিড় ও গভীর হবে। এই অংশীদারত্বে প্রতিরক্ষা সহযোগিতা যুক্ত হবে কি না, জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘আপাতত আমরা এ বিষয়ে কথা বলছি না। দুই দেশের জনগণের উন্নয়নে যা প্রয়োজন, তা নিয়েই আমরা কথা বলছি।’
বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে চূড়ান্তভাবে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
একচীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কৃষি খাতে সহযোগিতার ব্যাপারে তাঁরা রাজি হয়েছেন। চুক্তি ও সমঝোতা স্মারক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এগুলো বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক অর্থনীতি, বিসিআইএম-ইসি, সড়ক ও সেতু, রেল, জ্বালানি, সামুদ্রিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিল্পোৎপাদন, সামর্থ্য বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত।
বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর বক্তৃতায় বলেন, ঢাকা-বেইজিং সম্পর্ক এখন নতুন ইতিহাসের সন্ধিক্ষণের পথে এবং তা সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগোচ্ছে। চীন-বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্য আরও ফলপ্রসূ হবে এবং এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সুরে সি চিন পিংও বলেন, চীন সহযোগিতার নিবিড় সমন্বিত অংশীদারত্বকে সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহী। একে অন্যের প্রতি আস্থা ও সমর্থনের দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে কাজ করতে রাজি আছে চীন।
চীনের প্রেসিডেন্ট বলেন, সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিতে দুই দেশ উচ্চপর্যায়ে যোগাযোগ ও কৌশলগত যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে। সি চিন পিং বলেন, ‘আমরা একসঙ্গে এক অঞ্চল, এক পথ বাস্তবায়নে রাজি হয়েছি।’
পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, সই হওয়া ২৭টি সমঝোতা স্মারক ও চুক্তির মধ্যে ১৫টি দুই দেশের মধ্যে এবং ১২টি ঋণ ও বাণিজ্যবিষয়ক। তবে এর মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক কয়টি এবং এগুলোর বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানাননি।
চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, এই সফর সম্পর্ককে যে নতুন একটা পর্যায়ে নিয়ে যাবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। চীনের প্রেসিডেন্টের উদ্যোগ এক অঞ্চল, এক পথে যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে। কারণ, এই উন্নয়নপ্রক্রিয়ায় যুক্ততার মাধ্যমে বাংলাদেশ এক সমন্বিত উন্নয়নে যুক্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এমন, যেখানে কোনো সমস্যা নেই।
পররাষ্ট্রসচিব বলেন, দুই নেতা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ করে তথ্য আদান-প্রদান ও একে অন্যের ভালো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। সন্ত্রাসবাদ দমন বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তিনি জানান, সামুদ্রিক অর্থনীতিও দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র এবং সামুদ্রিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শহীদুল হক জানান, সহযোগিতার বর্তমান ক্ষেত্রগুলোর পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মতো নতুন ক্ষেত্রে সহযোগিতায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে একটি রূপরেখা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং চীন বড় ধরনের বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্প ও পাট খাতেও চীন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান প্রথম আলোকে বলেন, চীনের প্রেসিডেন্টের সফর নানা দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের শীর্ষ নেতৃত্ব অংশীদারত্বকে কৌশলগত পর্যায়ে নেওয়ার মাধ্যমে সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। এতে করে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিসরে বাংলাদেশের গুরুত্ব বাড়বে। এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ বজায় রেখে দক্ষতার সঙ্গে ভূমিকা রাখতে হয়।
জানতে চাইলে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নেওয়ায় অনেকে চিন্তিত হতে পারেন। আমি মনে করি, এই অংশীদারত্বে যেহেতু সামরিক ও নিরাপত্তার কোনো উপাদান নেই, তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত দুই দেশ তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে সম্পর্কে কৌশলগত এবং দীর্ঘমেয়াদি গভীরতা চায়।’
গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিপস) প্রেসিডেন্ট এ এন এম মুনীরুজ্জামান মনে করেন, সন্ত্রাসবাদ দমনে সই হওয়া সমঝোতা স্মারকে এটি স্পষ্ট যে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আন্তর্জাতিক প্রয়াসে দেশটি যুক্ত হওয়ার প্রয়াস নিচ্ছে। এর ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলো।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) পরিচালনা পরিষদের এই সভাপতি মনে করেন, ‘এক অঞ্চল, এক পথ’-এর মতো উন্নয়ন কৌশলে যুক্ত হওয়া দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ সিদ্ধান্ত। কারণ, এই উন্নয়ন ধারণা বা কৌশলের মূল লক্ষ্যই হলো যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করে অর্থনৈতিক কর্মযজ্ঞ ত্বরান্বিত করা। আর এই প্রক্রিয়ার অনেক উদ্যোগের একটি বিসিআইএমে (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডর) বাংলাদেশ যুক্ত আছে। ট্রান্স হিমালয়ান ডেভেলপমেন্ট ফোরামে যুক্ত আছে ভারত। কাজেই ‘এক অঞ্চল, এক পথ’-এ যুক্ত হওয়া বাংলাদেশের যোগাযোগ ও প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা: চীনের প্রেসিডেন্ট গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকায় পৌঁছান। তাঁকে বহনকারী চীনের বিশেষ বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসে বিমানবাহিনীর দুটি জেট বিমান। বিশেষ ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমে এলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় একটি শিশু। এরপর তিনি অভিবাদন মঞ্চে গিয়ে গার্ড অব অনার নেন এবং গার্ড পরিদর্শন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়।
সি চিন পিং ঢাকায় ৭৯ সদস্যের চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ওয়াং হুনিং ও লি ঝানশু, স্টেট কাউন্সিলর ইয়াং জেইচি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মন্ত্রী সু সাউসি, অর্থমন্ত্রী লাউ জিউই, বাণিজ্যমন্ত্রী গাউ হুচেং, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাউ শিয়াওছুয়েন প্রমুখ।
চীনের প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। পরে শাহজালাল বিমানবন্দর থেকে তিনি ভারতের গোয়ার উদ্দেশে যাত্রা করবেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকারের সাক্ষাৎ: বাসস জানায়, গতকাল হোটেল লা মেরিডিয়ানে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।
চীনের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অনেক এগিয়েছে। বাংলাদেশে নারী উন্নয়ন ওÿক্ষমতায়নের অগ্রগতি অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে।
উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা স্মারক
সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক
শিল্প উৎপাদনের বিষয়ে রূপরেখা চুক্তি
কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে রূপরেখা চুক্তি
অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার রূপরেখা চুক্তি এক অঞ্চল, এক পথ তথ্যপ্রযুক্তি
সন্ত্রাসবাদ দমন সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা স্মারক
ছয় প্রকল্পের ফলক উন্মোচন
কর্ণফুলী নদীতে টানেল শাহজালাল সার কারখানা বাংলাদেশ ফোর টিয়ার ন্যাশনাল ডেটা সেন্টার পায়রায় ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চট্টগ্রামে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট