নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মান্নানকে
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র কারাবন্দী এম এ মান্নানকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার গাজীপুরের বিচারিক হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন।
সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ১৯ জুন মান্নানকে সর্বশেষ গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বৃহস্পতিবার আপিল বিভাগ বহাল রাখেন।
গাজীপুর আদালতে পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, টঙ্গীর মো. রমিজ উদ্দিন বৃহস্পতিবার রাতে মান্নানসহ সাতজনের এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মান্নানকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন। বিচারক মো. ইলিয়াস রহমান গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মান্নানের আইনজীবী মো. শহীদুজ্জামান বলেন, গত ১৫ এপ্রিল মান্নানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।