নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শিয়া ব্লুম বার্নিকাট
মার্শিয়া ব্লুম বার্নিকাট

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে মার্শিয়া ব্লুম বার্নিকাট গতকাল রোববার ঢাকায় এসেছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন।
বেলা সাড়ে তিনটার দিকে মার্শিয়া বার্নিকাট থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চলে যান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পর বার্নিকাট আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে জানান, মার্শিয়া বার্নিকাট কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন। তাঁর আগে রাষ্ট্রপতির কাছে ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ও কানাডার হাইকমিশনার পরিচয়পত্র তুলে দেবেন।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাট ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নিয়েছেন। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় এলেন তিনি। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এখনো কাটেনি।
গত বছরের ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাটকে মনোনীত করেন। ১৭ জুলাই মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে অংশ নিয়ে তিনি ৫ জানুয়ারির নির্বাচনকে ‘নিঃসন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। পাশাপাশি বাংলাদেশে আরও বেশি প্রতিনিধিত্বমূলক সরকার নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে তিনি সংলাপে বসারও আহ্বান জানিয়েছিলেন। শুনানিতে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর ১৭ নভেম্বর বারাক ওবামা তাঁর মনোনয়ন চূড়ান্ত করেন।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর মার্শিয়া বার্নিকাট তাঁর টুইট অ্যাকাউন্টে বলেন, ‘আমি ঢাকায় মার্কিন দূতাবাসের সহকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তাঁদের কাছ থেকে বাংলাদেশের জনগণ, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার অপেক্ষায় আছি।’