নতুন মুঠোফোন ও ট্যাব বাজারে আনল স্যামসাং
গ্যালাক্সি সিরিজের উন্নত প্রযুক্তির আরও মুঠোফোন সেট ও ট্যাবলেটসহ কয়েকটি নতুন পণ্য বাজারে আনছে ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান স্যামসাং। এর মধ্যে গ্যালাক্সি গ্র্যান্ড নিও মুঠোফোন সেট গতকাল মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাকি পণ্যেগুলো শিগগিরই বাজারে আাাসবে।
গতকাল ইন্দোনেশিয়ার দ্বীপশহর বালিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী স্যামসাং ফোরাম-২০১৪-এর শেষ দিনে স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড নিও ছাড়াও বাজারে আনার ঘোষণা দেওয়া অন্য পণ্যের মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট প্রো, স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি নিও, সামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি নিউ, স্যামসাং ৭৮ ইঞ্চি কার্ভড ইউএইচডি (আলট্রা হাই ডেফিনেশন) টেলিভিশন, নতুন প্রযুক্তির এনএক্স ৩০ এবং স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা-২ নামে দুটি ক্যামেরা, উন্নত প্রযুক্তির ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এয়ার কন্ডিশনার) এবং প্রিন্টার।
ভারতের বাজারে ৫ ইঞ্চি পর্দার গ্যালাক্সি গ্র্যান্ড নিওর দাম ধরা হয়েছে ১৮ হাজার ৪৫০ রুপি।
সংবাদ সম্মেলনে স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিডি পার্ক বলেন, ২০১৩ সাল ছিল স্যামসাংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। তিনি আশা করেন, আগের বছরের ধারাবাহিকতায় ২০১৪ সালে স্যামসাং আরও সফল হবে।
আরও বক্তব্য দেন স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (বিক্রয়) এ কে কিম, দেশীয় প্রধান (এন্টারপ্রাইজ বিজনেস) সমীর গার্ডে, দেশীয় প্রধান (মুঠোফোন ও তথ্য-প্রযুক্তি), ভিনিত তানিজা ও পরিচালক (বিক্রয়) রাজিব ভুটানি।