রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন ওরফে বুলবুল আজ বুধবার দায়িত্ব বুঝে নিচ্ছেন। তাঁর সঙ্গে ৩০ জন সাধারণ ও ১০ জন নারী কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করছেন। গত ১৫ জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তাঁরা নির্বাচিত হন।
এবারের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোসাদ্দেক হোসেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ওরফে লিটনকে ৪৭ হাজার ৩৩২ ভোটে পরাজিত করেন। গত ২৪ জুন তাঁকে নবনির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় এবং ২১ জুলাই তিনি শপথ নেন।
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নগরভবন গ্রিন প্লাজায় আজ বেলা ১১টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। এসব অনুষ্ঠানে নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের বিদায়ী পরিষদের দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম সংবাদ সম্মেলন করে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেন। তিনি বিদায়ী পরিষদের পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন।