নতুন যন্ত্রে ১ কিলোমিটার সড়ক ৭ ঘণ্টায় নির্মাণ
সড়কের পুরোনো পিচ ও ইটপাথর কেটে নতুন করে সংস্কার করতে দুটি আধুনিক যন্ত্র কিনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে একটি যন্ত্র দিয়ে ১২ ফুট প্রস্থের এক কিলোমিটার সড়ক কাটতে সময় লাগবে এক ঘণ্টা। আর কাটার পর বেরিয়ে আসা ইটপাথর পুনঃপ্রক্রিয়া করা যাবে আরেকটি যন্ত্র দিয়ে। এসব যন্ত্রে এক কিলোমিটার সড়ক নতুন করে সংস্কার করতে সময় লাগবে সাত ঘণ্টা।
এই যন্ত্র প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছে। এর একটি ‘কোল্ড মিলিং মেশিন’ ইতালি ও অন্যটি ‘কোল্ড রিসাইক্লিং প্ল্যান্ট’ দক্ষিণ কোরিয়া থেকে কেনা হয়েছে। দাম পড়েছে প্রায় ২৯ কোটি টাকা। ডিএসসিসির সূত্র জানায়, কোল্ড মিলিং মেশিন দিয়ে ১৩ ইঞ্চি গভীর করে সড়কের পিচ ও ইটপাথর কাটা যাবে৷ আর কোল্ড রিসাইক্লিং প্ল্যান্ট দিয়ে এই ইটপাথর ঘণ্টায় ১২০ টন পুনঃপ্রক্রিয়া করা যায়। পুনঃপ্রক্রিয়া করে উপকরণগুলোর ৪০ শতাংশ ব্যবহারের উপযোগী করা যায়। এতে সড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে প্রায় ৪৫ ভাগ খরচ কমবে।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, গত শনিবার এই দুটি যন্ত্রের সাহায্যে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের পলাশীর জহির রায়হান রোডের সংস্কারকাজের উদ্বোধন করা হয়। ওই দিন পর্যাপ্ত জনবল ও আনুষঙ্গিক যন্ত্র দিয়ে এক কিলোমিটার সড়ক সাত ঘণ্টায় সংস্কার করা সম্ভব হয়েছে। মেয়র বলেন, পরিবেশবান্ধব এই যন্ত্র থেকে কোনো কার্বন নিঃসরণ হবে না। এটি থেকে কোনো ধুলাবালু ও ধোঁয়াও নির্গত হবে না। এ ছাড়া আগে যে রাস্তাটি বানাতে ১ কোটি টাকা ব্যয় হতো, এখন সেটি সর্বোচ্চ ৬০ লাখ টাকায় তৈরি করা যাবে।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ জানায়, বর্তমানে পুরান সড়ক সংস্কার মানে আগের সড়কের ওপরই ঘষামাজা করা। এতে করে সড়কের পুরুত্ব বেড়ে যায়। কিছু এলাকায় বাসাবাড়ির চেয়ে সড়কের উচ্চতা বেশি। বৃষ্টি হলেই সড়কের পানি বাসাবাড়িতে ঢুকে যায়। এ ছাড়া পুরোনো সড়কের ওপর নতুন করে সংস্কারের কারণে সড়কের স্থায়িত্বকালও তুলনামূলক কম হয়।
ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, নতুন যন্ত্রগুলোর কারণে খুব সহজেই সড়কের পুরোনো আস্তর তুলে নতুন করে রাস্তা তৈরি সম্ভব হবে। এতে সড়কের উচ্চতা বাড়বে না। এর মাধ্যমে সময় ও খরচ দুই-ই বাঁচবে।