নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান
যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ অনেক দূরে সরে গেছে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হলে মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ ঘটাতে হবে। তাই আমাদের নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
গতকাল সোমবার বেতিয়ারা শহীদ দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, শাসকদের আশ্রয়-প্রশ্রয়ে এবং ক্ষমতাকেন্দ্রিক নানা হিসাব-নিকাশের কারণে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্র ফুলে-ফেঁপে উঠেছে। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা ও ভিত্তির ওপর আঘাত হানছে। তিনি অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মুক্তিযুদ্ধের লিখিত ইতিহাসে তাদের অবদানের কথা উপেক্ষিত হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবির নেতা শাহ আলম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক প্রমুখ।