উপজেলা ও পৌরসভার নেতাদের মতামতের ভিত্তিতে উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কিছু নেতা ব্যক্তিগত আক্রোশ থেকে নতুন কমিটির নেতাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। গত শনিবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা ব্যক্তিগত আক্রমণ, কুত্সা রটানো আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির নতুন সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তিযুদ্ধের বিরোধী অভিহিত করে কমিটিতে সন্ত্রাসী, মামলার আসামি, ভূমিদস্যু ও চাঁদাবাজদের জায়গা দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন বাদ পড়া কয়েকজন নেতা। গতকাল সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী লিখিত বক্তব্য রাখেন। এ সময় সভাপতি ছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহসভাপতি এস এম ফজলুল হক প্রমুখ।