নতুন রূপকল্প ও প্রতীক ঘোষণা করেছে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নতুন লক্ষ্য, রূপকল্প ও প্রতীক ঘোষণা করেছে ব্র্যাক। ৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই রূপকল্প ও প্রতীক কার্যকর করা হবে। গতকাল সোমবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, ব্র্যাক এমন একটি পৃথিবী চায়, যেখানে কোনো ধরনের শোষণ ও বৈষম্য থাকবে না থাকবে শুধু প্রতিটি মানুষেরই নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ। এ রূপকল্প বাস্তবায়নে সংস্থার লক্ষ্য দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি এবং সামাজিক অবিচার দূর করে দরিদ্র মানুষ ও জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করা। সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের নারী-পুরুষকে সক্ষম করে তোলা। ব্র্যাকের নতুন মূল্যবোধে বলা হয়েছে, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব, সততা ও নিষ্ঠা, সর্বজনীন এবং ফলপ্রসূতা সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া সংগঠনের নতুন প্রতীকের মধ্য দিয়ে রূপকল্প ও অন্যান্য কর্মকৌশল প্রতিফলিত হবে। নতুন লোগোতে ব্যবহূত রঙ দক্ষিণ গোলার্ধে অবস্থানগত সংস্থার মৌলিক পরিচয়কে যেমন তুলে ধরবে, তেমনি নারীদের প্রাধান্যও নির্দেশ করছে।