গুলশান ২ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটটি প্রায় অর্ধশতাব্দী পুরোনো। এটি নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার মেয়র আনিসুল হকের সভাপতিত্বে মার্কেটের দোকান মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটের মাঝখানে থাকা গাড়ি রাখার জায়গার পুনর্বিন্যাস ও আধুনিকায়ন করা হবে। গাছে ঢাকা চত্বরের মাঝে বসার স্থান, পানির ফোয়ারা, উন্নত মানের শৌচাগার ও আলোকসজ্জার ব্যবস্থা থাকবে। দোতলা মার্কেটের ছাদে থাকবে সবুজ ঘাসের আচ্ছাদনের মাঝে ফুডকোর্ট বা খাবারের দোকান। দোকানমালিকদের নিজস্ব অর্থায়নে এই সংস্কারকাজে ডিএনসিসি স্থাপত্য নকশাসহ সার্বিক সহায়তা দেবে। পাশাপাশি মার্কেটের আশপাশে বিদ্যমান অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পাশের রাস্তাগুলোর প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সভায় দোকানমালিকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা ও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। মতবিনিময় সভায় দোকানমালিক নেতারা ছাড়াও ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।