নতুন রোগ মেলিওডোসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং অস্ট্রেলিয়ায় মেলিওডোসিস নামের একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জীবাণুঘটিত এই সংক্রামক রোগটির আরেক নাম হুইটমোরস ডিজিজ। এতে আক্রান্ত হলে মৃত্যুর হার ৫০ শতাংশের বেশিও হতে পারে।

এ রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশের দু-তিন সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। বিভিন্ন স্থানে ফোড়াসহ ত্বক, গিরা, ফুসফুস ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গে সংক্রমণ হতে পারে।

মেলিওডোসিস একটি নতুন ধরনের সংক্রমণ এবং এ বিষয়ে আমাদের রোগী-চিকিৎসক-ল্যাবরেটরি এখনো অনভিজ্ঞ। বৃষ্টিপ্রধান এলাকায় সেচ দেওয়া জমি ও কাদামাটিতে কাজ করেন এমন ব্যক্তিরা বেশি আক্রান্ত হন। তাই বাংলাদেশে এ সংক্রমণের হার আরও বেশি হওয়া বিচিত্র নয়। এ ব্যাপারে এখনই সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে কিছু পরামর্শ:

 দীর্ঘস্থায়ী জ্বর, যার কারণ অজানা এবং চিকিৎসায় সারছে না; ত্বকে ফোড়াসহ গিরা, ফুসফুস ও দেহের বিভিন্ন স্থানে একসঙ্গে সংক্রমণ হলে রোগী ও চিকিৎসক উভয়েই সতর্ক হবেন।
 রোগীর ফোড়া থেকে নেওয়া রস, গলার কফ বা প্রস্রাব—যেকোনো নমুনা সঠিকভাবে কালচার করলে মেলিওডোসিসের জীবাণু ধরা পড়ে।
 যেকোনো নমুনায় কালচার পজিটিভ হলেই চিকিৎসা শুরু করে দেওয়া যায়। দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে—প্রথম পর্যায়ে এক মাসের বেশি, পরে ছয় মাসের মতো।

আমাদের দেশে যাঁরা মাঠে কাজ করেন তাঁরা এ রোগের ঝুঁকিতে আছেন। তাই মেলিওডোসিসের সংক্রমণের আগেই সচেতন হতে হবে। বাংলাদেশে আইসিডিডিআরবি ১৯৮৮ সালে প্রথম এ রোগ শনাক্ত করে। কাগজে-কলমে এ পর্যন্ত ৩১ জন বাংলাদেশির শরীরে এ রোগ ধরা পড়েছে। ২০১৩ সালে গাজীপুরের কাপাসিয়ার মাটিতে রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়া ‘বার্কহোল্ডেরিয়া সিওডোমেলেই’ শনাক্ত হওয়ার পর এখন বাংলাদেশ মেলিওডোসিসে আক্রান্ত বিশ্বের ১৮তম দেশে পরিণত হয়েছে।

গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট মেলিওডোসিস-প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।