নতুন র্যাংক ব্যাজ পেল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়েছে। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সীমান্ত বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পদের সঙ্গে সংগতি রেখে গতকাল এ র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়েছে। এ র‌্যাংক ব্যাজ প্রবর্তনের মাধ্যমে বিজিবির দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
বিজিবির কর্মকর্তারা জানান, এত দিন বাহিনীর কোনো র‌্যাংক ব্যাজ ছিল না। কর্মকর্তারা নিজ নিজ বাহিনীর র‌্যাংক ব্যাজ ব্যবহার করতেন। এতে করে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ের পতাকা বৈঠক ও দ্বিপক্ষীয় সম্মেলনে নানা ধরনের জটিলতা তৈরি হতো। এ অবস্থা নিরসনে সেনাবাহিনী থেকে প্রেষণে আসা বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অপরিবর্তিত রেখে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বাহিনীর সঙ্গে সংগতি রেখে নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়।
ব্যাজ পরানো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ উপস্থিত ছিলেন।