নতুন লক্ষ্য ৫ কোটি ইন্টারনেট গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উপলক্ষে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে গ্রামীণফোন। এ সময় প্রথম ও পাঁচ কোটিতম গ্রাহককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে (বাঁ থেকে) গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, পাঁচ কোটিতম গ্রাহক নাসির উদ্দিন, প্রথম গ্রাহক লাইলী বেগম ও চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে l ছবি: সংগৃহীত
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উপলক্ষে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে গ্রামীণফোন। এ সময় প্রথম ও পাঁচ কোটিতম গ্রাহককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে (বাঁ থেকে) গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, পাঁচ কোটিতম গ্রাহক নাসির উদ্দিন, প্রথম গ্রাহক লাইলী বেগম ও চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে l ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রমের পর পাঁচ কোটি গ্রাহককে ইন্টারনেট নেটওয়ার্কে আনতে চায় গ্রামীণফোন। এ জন্য তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। এ লক্ষ্যে নেটওয়ার্ক উন্নয়নে আরও বিনিয়োগ বাড়াবে প্রতিষ্ঠানটি।

দেশে প্রথম মোবাইল কোম্পানি হিসেবে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ। সেপ্টেম্বরের মাঝামাঝি পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করে গ্রামীণফোন।

বিবেক সুদ বলেন, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে বর্তমানে দেশের সবচেয়ে বড় ও বিস্তৃত নেটওয়ার্ক এখন গ্রামীণফোনের। গ্রামীণফোন ১৭ বছরে গ্রাহকদের শুধু নেটওয়ার্কের আওতায়ই নিয়ে আসেনি, তাদের ক্ষমতায়নেও ভূমিকা রেখেছে। গ্রামীণফোনকে সঙ্গী করে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এখন বড় প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছেন।

বিবেক সুদ বলেন, গ্রামীণফোনের বিনিয়োগকারী
প্রতিষ্ঠান টেলিনর বর্তমানে ১৩টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সবগুলো দেশে মোট গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি। এর পাঁচ কোটিই বাংলাদেশে। এটা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এবং এর গ্রাহকদের জন্য গর্বের।

বিবেক সুদ আরও বলেন, পাঁচ কোটি গ্রাহকের সবচেয়ে বড় পরিবার গ্রামীণফোনের সঙ্গে গ্রাহকদের সম্পর্ক আবেগের। তাই পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রমের বড় কৃতিত্ব গ্রাহকদের। তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই গ্রামীণফোন তাদের সব কর্মকাণ্ড পরিচালনা করে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী আরও বলেন, অপারেটর হিসেবে গ্রামীণফোন সবার আগে ১৯৯৯ সালে প্রি-পেইড সেবা ও আন্তর্জাতিক রোমিং সেবা, ২০০০ সালে ওয়্যাপ সেবা, ২০০৫ সালে এজ সেবাসহ অনেক সুবিধাই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। বাংলাদেশের বড় মোবাইল অপারেটর ও ইন্টারনেটের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠানটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করার এবং গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরিকল্পনা নিয়েছে। ‘সবার জন্য ইন্টারনেট’—এ লক্ষ্যের আওতায় প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন দেশের ৬৪টি জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে। বর্তমানে সারা দেশে গ্রামীণফোনের আট হাজার ৬০০টি বেস স্টেশনের মাধ্যমে ৯৯ শতাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে।

প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালান বঙ্কে বলেন, পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক উদ্‌যাপন শুধু গ্রামীণফোনের জন্যই নয়, গ্রাহকদের জন্য। সবাইকে নিয়ে ‘একসঙ্গে উদ্‌যাপনের’ জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে কয়েকটি অফারের কথা তুলে ধরেন তিনি।

এর আওতায় গ্রামীণফোনের থ্রিজি গ্রাহকেরা তাঁদের বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্বিগুণ ইন্টারনেট গতি উপভোগ করতে পারবেন। এ ছাড়া জিপি নেটওয়ার্কে গ্রাহকেরা প্রতি ১০ সেকেন্ড পালসে ৫ পয়সার বিশেষ কলরেট উপভোগ করতে পারবেন সীমিত সময়ের জন্য।

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রথম গ্রাহক লাইলী বেগম ও পাঁচ কোটিতম গ্রাহক আরিফ হোসেনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডেরিক বাকসাস এক ভিডিও বার্তায় পাঁচ কোটির মাইলফলক অর্জনের জন্য গ্রাহকদের অভিনন্দন জানান।