নতুন লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা পেশায় নিয়োজিত সাবেক ছাত্র ইউনিয়ন, সিপিবি ও সাপ্তাহিক একতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান বাস্তবতায় নিজেদের অবস্থান থেকে নতুন লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সাপ্তাহিক একতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী হলে আয়োজিত অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একসময় যাঁরা মানবমুক্তির ব্রত নিয়ে ছাত্র ইউনিয়ন, সিপিবি ও একতাসহ নানা প্রগতিশীল সংগঠন ও পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের অনেকেই বর্তমানে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। জীবনের কঠিন বাস্তবতার কারণে অনেকেই হয়তো পার্টি থেকে বিচ্ছিন্ন। কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হয়েছিলেন, এখনো সেই চেতনা থেকে বিচ্ছিন্ন হননি।   

৩১ আগস্ট সাপ্তাহিক একতার প্রতিষ্ঠাবার্ষিকী হলেও গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যতম আলোচক ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, দেশে এখন বাম চিন্তার মানুষগুলোকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এ কাজের জন্য তরুণ থেকে মধ্য বয়সী সবাইকে গ্রামগঞ্জে গিয়েও একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্জুরুল আহসান খান বলেন, এখন যেসব সাংবাদিক বিখ্যাত পত্রিকা বা চ্যানেলের সঙ্গে যুক্ত, তাঁদের অনেকেরই সাংবাদিকতার সূচনা একতা থেকে। তিনি দেশে তৃতীয় শক্তি হিসেবে বৃহত্তর বামবলয় গড়ে তোলা এবং এ ক্ষেত্রে একতা বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।

একতার অন্যতম লেখক শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে অনেক পত্রিকা আছে, যেগুলো ২৫-৩০ বছরের বেশি চলতে পারে না; সাপ্তাহিক একতা এ ক্ষেত্রে ব্যতিক্রম ও সফল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বক্তব্য দেন।