নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার ৩০ হাজার গ্রাহক। পুরোনো লাইন সামান্য ঝড়েই ক্ষতিগ্রস্ত হওয়ার বিদ্যুৎ চলে যায়। এ কারণে বিভিন্ন স্থানে ৯ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।
নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, পিডিবি যথাসময়ে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ না করায় যথাসময়ে কাজ শেষ কর যায়নি।
পিডিবি কার্যালয়ের প্রকৌশলী এবং কয়েকজন গ্রাহক জানান, কুলাউড়া উপজেলা সদরের চাতলগাঁও এলাকায় অবস্থিত পিডিবির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে চারটি ফিডার লাইনের মাধ্যমে কুলাউড়া ও জুড়ীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফিডার লাইনের খুঁটি ও তার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাই পিডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের আওতায় নতুন করে এসব লাইন টেনে ট্রান্সফরমার স্থাপন এবং জুড়ী উপজেলা সদরে একটি উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ‘ইএসএল’ নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। গত বছরের জুন মাসে এ কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী গত ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল।
কয়েকজন গ্রাহক জানান, পিডিবির বিদ্যুতের খুঁটি ও লাইন পুরোনো হয়ে গেছে। এ কারণে ঝড় শুরু হলেই তার ছিঁড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে জুড়ী ও কুলাউড়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের কারণে ১১ থেকে ১২ এপ্রিল নয় ঘণ্টা, ১৭-২১ মে ৭২ ঘণ্টা এবং ১৬-১৮ জুন একটানা ৪৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।
সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক ও পিডিবির প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মালামালের সংকট ছিল। তবে এখন কিছু মালামাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।