নতুন শঙ্কায় কল্যাণপুর পোড়া বস্তিবাসী
কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের দেওয়া তিন মাসের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ফলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও শঙ্কিত হয়ে পড়েছেন বস্তির বাসিন্দারা। স্থগিতাদেশ পেলেই বস্তি উচ্ছেদ করে দেওয়া হবে বলে তাঁদের ধারণা।
গতকাল মঙ্গলবার বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২১ জানুয়ারি হাইকোর্ট বস্তি উচ্ছেদে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে সাময়িক স্বস্তি পেয়েছিলেন। কিন্তু ২৪ জানুয়ারি বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করার পর থেকেই বস্তিবাসীর মধ্যে নতুন করে উচ্ছেদ-আতঙ্ক দেখা দিয়েছে।
চা-দোকানদার খালেক মিয়া পরিবার নিয়ে বস্তিতে থাকেন প্রায় ১০ বছর। ২১ তারিখে কর্তৃপক্ষ বস্তি আংশিক উচ্ছেদ করলেও তাঁর ঘর অক্ষত আছে। তিনি বলেন, ‘নতুন কইরা আবেদন করছে শুনছি। এইবার আর ঘর বাঁচানো যাইবো বইল্যা মনে হইত্যাছে না। আমগো কোনো ব্যবস্থা না কইরা সরকার এমনে পেটে লাথি মারতাছে ক্যান বুঝি না।’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে গড়ে ওঠা কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গত রোববার রাষ্ট্রপক্ষ আবেদন করে। আবেদনটি ৩১ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত। তবে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি।
দেখা যায়, বস্তির প্রবেশমুখে পুলিশ সদস্যরা বসে আছেন। বস্তির লোকজন খানিক দূরে জটলা করে বসে আছেন। সবার চোখেমুখে ঘর হারানোর শঙ্কা। পঞ্চাশোর্ধ্ব রিকশাচালক মো. মনির বলেন, ‘নদী ভাঙনো ঘর হারায় ঢাকায় আসছিলাম। বহু কষ্টে নতুন কইরা সাজাইছি। এখন আবার ভাঙলে কই যাব জানি না।’
বস্তিসংক্রান্ত মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরের ওই জমি থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ওই বস্তির দুজন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করে। ওই বছরের ২৮ ডিসেম্বর হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দিয়ে রুল দেন। ২০০৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবার উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক আবার হাইকোর্টে যায়। ওই বছর ২৫ জুন আদালত এবার উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। পরে হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান।
সর্বশেষ ১০ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আবার ওই জমিতে উচ্ছেদ চালাতে পুলিশ চেয়ে চিঠি দেয়। এরপর আসক হাইকোর্টে সম্পূরক আবেদন করে। ওই আবেদনের শুনানি শেষে ২১ জানুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উচ্ছেদে তিন মাসের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।