সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোডের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গাতেই নতুন শহীদ মিনার নির্মাণের দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন হয়েছে। শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটি’-এর উদ্যোগে এই মানববন্ধন হয়।
জেলা পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ শহরে ৩৫ লাখ টাকা ব্যয়ে নতুন আরেকটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই শহীদ মিনার নির্মাণকাজের ভিত্তি স্থাপন করার কথা থাকলেও সেটি হয়নি।
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, ‘সুনামগঞ্জ শহরে একটি নতুন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ কয়েক বছর আগে নেওয়া হয়। কিন্তু পুরোনো শহীদ মিনারের জায়গা নিয়ে জটিলতা এবং এর বাইরে সুবিধামতো জায়গা না পাওয়ায় সেটি করা যাচ্ছিল না। পুরোনো শহীদ মিনারের জায়গায় নতুন শহীদ মিনার করতে আমারও চেয়েছিলাম। কিন্তু এখানে জায়গা একেবারেই কম, তাই করা যাচ্ছে না। জেলা প্রশাসক তাঁর কার্যালয় প্রাঙ্গণে নতুন শহীদ মিনার নির্মাণের জায়গা দিতে সম্মত হওয়ায় সেখানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন যেহেতু অনেকেই দাবি করছেন, পুরোনো শহীদ মিনারের স্থানেই নতুন শহীদ মিনার নির্মাণের, তাই বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী ও মালেক হোসেন পীর, আইনজীবী খায়রুল কবির রুমেন ও এনাম আহমদ, সংস্কৃতিকর্মী মুরশেদ আহমদ ও শামস শামীম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।