নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন হাজারো ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠের পশ্চিম পাশে নবনির্মিত শহীদ মিনারে আজ একুশে ফেব্রুয়ারি সকালে দলে দলে উপস্থিত হয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন কলেজের হাজারো ছাত্রী। কলেজ প্রতিষ্ঠার ২৪ বছর পর এই প্রথম কলেজের ছাত্রীরা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছেন। কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী জানান, ১৯৮৬ সালে শহরের প্রাণকেন্দ্রে কলেজটি প্রতিষ্ঠা করা হলেও ক্যাম্পাসে একটি শহীদ মিনার নির্মাণের তাগিদ কেউ অনুভব করেনি। তিনি যোগদানের পর জেলা পরিষদ থেকে এক লাখ ১০ হাজার এবং কলেজের তহবিল থেকে আরও ১৫ হাজার টাকা খরচ করে সম্প্রতি এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। আজ একুশে ফেব্রুয়ারি সকালে কলেজের ৯৯৭ জন ছাত্রী এবং শিক্ষক-কর্মচারী দলে দলে এই শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় কলেজে গিয়ে দেখা গেছে, নবনির্মিত শহীদ মিনারটি ধুয়েমুছে পরিচ্ছন্ন করা হচ্ছে। বড় আকৃতির শহীদ মিনারটি টাইলস দিয়ে মসৃণ করায় দেখতেও সুন্দর দেখাচ্ছে। কলেজের ছাত্রীরা শহীদ মিনারের পাদদেশে বসে মজার আড্ডা জমাচ্ছেন। মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী রোকসানা আকতার বলেন, ‘ভাষাশহীদদের স্মরণে জীবনের প্রথম ফুলটি দিতে যাচ্ছি কলেজের নবনির্মিত শহীদ মিনারে। এটি আমার কাছে অন্য রকম স্মৃতি। কারণ গ্রামের যে বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত পড়েছি সেখানে কোনো শহীদ মিনার ছিল না।’