নতুন শিক্ষানীতিতে বাংলাদেশ ডিজিটাল হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করা দরকার। তিনি বলেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়িত হলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।গতকাল শনিবার সকাল ১০টায় নগরের শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে মেয়র পদক-২০১২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে বৃহত্তর খুলনার সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পদক দেওয়া হয়। এবার যাঁরা পদক পেলেন, তাঁরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মোড়ল আবদুস সালাম (মরণোত্তর), চিকিৎসাবিদ্যায় এম এ মানাফ, শিক্ষায় ফাদার এ জি ব্রোনো (মরণোত্তর), সাহিত্যে কবি আবুবকর সিদ্দিক, সংস্কৃতিতে শেখ হাসান আলী (মরণোত্তর), ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে হোসনে আরা খান, সমাজসেবায় কাজী আজহার আলী (মরণোত্তর), সাংবাদিকতায় আবু সাদেক (মরণোত্তর), রাজনীতিতে শেখ আবদুল আজিজ, ভাষা আন্দোলনে অবদানের জন্য মালিক আতাহার উদ্দিন (মরণোত্তর), শিল্পোদ্যোক্তা হিসেবে শরীফ ফজলুর রহমান, শ্রেষ্ঠ পৌর করদাতা হিসেবে মো. শাহাজাহান আলী আকুঞ্জি এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইউসেফ-বাংলাদেশ খুলনাঞ্চল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ ও হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এম এম এ সালাম।