জাতীয় শিক্ষানীতিতে মুক্তিযুদ্ধের ও ১৯৭২ সালের সংবিধানের চেতনার প্রতিফলন নেই। তাই বর্তমান সংবিধানের আলোকে নতুন শিক্ষানীতির দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদসহ কয়েকজন শিক্ষাবিদ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সম্মেলন কক্ষে ‘৭২-এর সংবিধান ও আমাদের জাতীয় শিক্ষানীতি: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে কি?’ শীর্ষক আলোচনায় তাঁরা এ আহ্বান জানান। শিক্ষাবিষয়ক পত্রিকা শিক্ষা বার্তা এর আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান বক্তা শফিক আহমেদ বলেন, ১৯৭৪ সালে ড. কুদরাত-এ-খুদা শিক্ষানীতিতে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা ও সংবিধানের প্রস্তাবনার প্রতিফলন করাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সামরিক শাসক জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনা ও গুরুত্বপূর্ণ কিছু ধারা সংশোধন করে ও বাদ দিয়ে পাকিস্তানি ভাবাদর্শ স্থাপন করেন। কিন্তু দুঃখের বিষয়, ২০১০ সালের শিক্ষানীতিতেও ’৭২-এর সংবিধানের প্রতিফলন হয়নি। জিয়াউর রহমানের সংবিধানকে সামনে রেখেই সরকার এই শিক্ষানীতি তৈরি করে।
সভাপতির বক্তব্যে পদার্থবিদ অধ্যাপক অজয় রায় বলেন, ‘প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কী বোঝাতে চাই নতুন প্রজন্মকে, তা স্পষ্ট করতে হবে। আমরা একটা আদর্শকে বুকে ধারণ করে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের কনসেপ্ট বা ধারণাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব পালনে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, দেশপ্রেমিক হিসেবে ব্যর্থ হয়েছি। এ ব্যর্থতা আমাদের লজ্জা দেয়, শঙ্কায় ফেলে।’
আরও বক্তব্য দেন অধ্যাপক দ্বিজেন শর্মা, অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শিক্ষা বার্তার সম্পাদক এ এন রাশেদা, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। শিক্ষা বার্তায় প্রকাশিত প্রবন্ধের সংকলন পঁচিশ বছরের শিক্ষাব্যবস্থার দর্পণ: সম্পাদকীয় শিক্ষা বার্তা শীর্ষক গ্রন্থের (প্রথম খণ্ড) মোড়ক উন্মোচন করেন শকিফ আহমেদ।