নতুন শৃঙ্খলা অধ্যাদেশে সাংবাদিক ওশিক্ষার্থীদের স্বাধীনতা খর্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু উপধারা সংযোজন করে শিক্ষার্থীদের জন্য ‘শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ, ২০০৯’ অনুমোদন করা হয়েছে। অধ্যাদেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। এ ছাড়া ক্যাম্পাসে চলাচলের স্বাধীনতা খর্ব ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার মতো কিছু উপধারা এতে সংযোজিত হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ সংশোধনের দাবিতে গতকাল বুধবার রাতে সাংস্কৃতিক জোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যাদেশে বলা হয়েছে, ‘কোন ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় নিয়ে এমন কোন প্রতিবেদন প্রকাশ করবে না বা প্রকাশে সহায়তা করবে না যা জনসমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুণ্ন করবে কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হবে। এ জাতীয় কর্মকাণ্ড শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে এবং এ জাতীয় কর্মকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাদেশে বর্ণিত যে কোন প্রকার শাস্তি প্রদান করতে পারবে।’হল-সংক্রান্ত বিধিমালায় বলা হয়েছে, হলে বসবাসরত ছাত্রদের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত রাত নয়টার মধ্যে এবং বছরের অন্যান্য সময় রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যেকোনো সভা সমাবেশ, পোস্টার-ব্যানার-ফেস্টুন প্রদর্শনের জন্য প্রশাসনের অনুমতি লাগবে। এসব আইন অমান্য করলে শাস্তি হিসেবে সতর্কীকরণ, জরিমানা, সাময়িক বহিষ্কার, স্বল্পমেয়াদি বহিষ্কারসহ চিরতরে বহিষ্কারের বিধান রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেককেই ঢাকায় গিয়ে টিউশনি করতে হয়। এই আইন বলবত্ হলে তাঁদের ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাচলের অধিকার খর্ব হবে। বিশ্ববিদ্যালয় প্রক্টর আরজু মিয়া বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করলেই কেবল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।