নতুন শৌচাগারে মানুষের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৌচাগারগুলোর সুযোগ–সুবিধায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ছবিটি বীর উত্তম সি আর দত্ত সড়কের শৌচাগারের l প্রথম আলো
শৌচাগারগুলোর সুযোগ–সুবিধায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ছবিটি বীর উত্তম সি আর দত্ত সড়কের শৌচাগারের l প্রথম আলো

দূর থেকেই জায়গাটিতে চোখ আটকায়। নীল রঙের গ্রিল। দেয়ালে ফুল, লতাপাতা, মাছ দিয়ে দৃষ্টিনন্দন ম্যুরাল। সিসি ক্যামেরাও চোখে পড়বে। বিভিন্ন ফুলগাছও আছে। এটি ফার্মগেট পার্কের সঙ্গের একটি গণশৌচাগার। নতুন শৌচাগারগুলো পরিচ্ছন্ন, সাজানো-গোছানো। ভালো সাড়াও মিলেছে।
গতকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট চারটি গণশৌচাগার ঘুরে দেখা যায়, লোকজন আগ্রহ নিয়েই শৌচাগারগুলোতে আসছে। ফার্মগেট পার্কের সঙ্গের গণশৌচাগারে কথা হয় মো. আসলামের সঙ্গে। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি বলেন, ‘আগে তো দরকার হলে দৌড়াইয়া কোনো হাসপাতাল বা মার্কেটে ঢুকতাম। এখন এই নতুনগুলা দেখলে অন্য কোথাও যাই না। সবই ভালো।’
গত নভেম্বরে চালু হয়েছে ফার্মগেটের গণশৌচাগার। এটি ব্যবহার সম্পর্কে এখানকার কর্মী রিজিয়া বেগম বলেন, অনেক মানুষ আসে। গতকালও বিকেল পর্যন্ত ২৮৮ জন ব্যবহার করেছে।
দুই সিটি করপোরেশনই গত বছর ১০০টি করে আধুনিক গণশৌচাগার নির্মাণের ঘোষণা দিয়েছিল। ওয়াটার এইড এবং এইচ এম ফাউন্ডেশন এ শৌচাগারগুলো নির্মাণে সহযোগিতা করছে।
পান্থকুঞ্জ পার্কের পাশে বীর উত্তম সি আর দত্ত সড়কে ৯ জানুয়ারি দক্ষিণ সিটি করপোরেশনের একটি শৌচাগারের উদ্বোধন হয়। গত চার দিনে প্রায় ১২ শ জন তা ব্যবহার করেছে। শৌচাগারের পাশে অনেক ছিন্নমূল পরিবারের বাস। তারাই এখানকার মূল সেবাগ্রহীতা।
এ শৌচাগারগুলোতে নারী ও পুরুষদের চারটি করে শৌচাগার এবং একটি করে গোসলখানা আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। শৌচাগার ব্যবহার করতে ৫ টাকা, গোসলে ১০ টাকা লাগে। এক টাকায় প্রতি গ্লাস বিশুদ্ধ পানি পান করা যায়। এ ছাড়া পাঁচ টাকার বিনিময়ে আছে লকার সুবিধা।
গত বছরের এপ্রিলে চালু হয় তেজগাঁও সাতরাস্তার টিঅ্যান্ডটি গেটের শৌচাগারটি। ভেতরে ঢুকতেই খালি গলায় গানের শব্দ ভেসে আসছে। দায়িত্বরত কর্মী মো. মিন্টু বলেন, লোকজন এখানে মনের আনন্দ নিয়েই প্রয়োজন সম্পন্ন করে। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চালু হয়েছে আরও একটি গণশৌচাগার। এটিও মানুষের ভালো সাড়া পেয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, ‘এখন পর্যন্ত ১০টা চালু করেছি। পাইপলাইনে আছে আরও ১০টি।’