নতুন সভাপতি নিয়ে অধ্যক্ষের আপত্তি, বেতন-ভাতা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোনীত সভাপতি পছন্দ হয়নি বরিশাল নগরের রূপাতলী জাগুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের। তাই নতুন সভাপতির কাছে বেতন-ভাতার বিলে স্বাক্ষর নেননি। এ কারণে বেতন-ভাতা উত্তোলন বন্ধ রয়েছে শিক্ষক-কর্মচারীদের।অধ্যক্ষের দাবি, মেয়র ওই কমিটি স্থগিত করার জন্য বোর্ড কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। বোর্ডের দাবি, নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষের উচিত ছিল সভাপতির কাছ থেকে স্বাক্ষর নিয়ে বেতন-ভাতা উত্তোলন করা। বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, কলেজের পরিচালনা পর্ষদের মেয়াদ গত বছর শেষ হয়ে যায়। সিটি মেয়র শওকত হোসেনের ডিও (অভিপ্রায়পত্র) অনুযায়ী ৬ জানুয়ারি নগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবিরকে সভাপতি করে এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু অধ্যক্ষ মো. হানিফ হোসেন তালুকদার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সুলতান মাহমুদকে মনোনয়ন দেওয়ার জন্য বোর্ড ও মেয়য়কে অনুরোধ করেন। মেয়রের কাছ থেকে এ জন্য একটি ডিও দেন বোর্ড বরাবর। একপর্যায়ে মেয়র আগের কমিটি স্থগিত করার জন্য বোর্ডের চেয়ারম্যানকে মুঠোফোনে জানান। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কমিটি স্থগিত করেনি বোর্ড। অধ্যক্ষ প্রথম আলোকে জানান, বোর্ডের মনোনীত সভাপতি ওই ওয়ার্ডের বাসিন্দা নন। কলেজটি ২৫ নম্বর ওয়ার্ডে হওয়ায় মেয়র পরবর্তীকালে কাউন্সিলর সুলতান মাহমুদের পক্ষে ডিও দেন। ওই কমিটি স্থগিত রয়েছে। তাই বেতন-ভাতা উত্তোলন করা হয়নি।মো. হুমায়ুন কবির জানান, মেয়রের ডিও অনুযায়ী তাঁকে সভাপতি করা হয়। বোর্ড একটি চিঠি দিলেও কলেজ অধ্যক্ষ কোনো যোগাযোগ করেননি। এমনকি বিল-ভাউচারে স্বাক্ষর পর্যন্ত নেননি। অধ্যক্ষের গাফিলতির জন্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা তোলা সম্ভব হয়নি। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার এ বিষয়ে প্রথম আলোকে জানান, কমিটি ঘোষণা হওয়ার পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া স্থগিত করা সম্ভব নয়। এতে আইনি জটিলতা সৃষ্টি হবে।