পানি ও পয়োব্যস্থাপনা নিয়ে ষষ্ঠ এশীয় সম্মেলন শুরু
নতুন সমাধান খুঁজে বের করার সময় এসেছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পয়োনিষ্কাশনের নতুন ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পানি সরবরাহ ও পয়োব্যবস্থা নিয়ে আয়োজিত ষষ্ঠ দক্ষিণ এশীয় সম্মেলনের (সাকোসান-৬) উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘বহু চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এমডিজিতে পানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং স্যানিটেশন গ্যাপ কমিয়ে আনার ক্ষেত্রে ভালো সাফল্য পেয়েছে।’ এমডিজি-উত্তর যুগে স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থাকে উন্নয়নের পূর্বশর্ত বলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘এখন সময় এসেছে এ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনে নতুন ও টেকসই সমাধান খুঁজে বের করার। আপনারা সবাই জানেন, স্বাস্থ্যসম্মতভাবে বাঁচার জন্য পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন একটি মৌলিক দাবি।’
ষষ্ঠ সাকোসান শুরু: বিকেলের অধিবেশনের মূল বক্তব্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিরোজ আহমেদ বলেন, ২০০৩ সালের প্রথম সাকোসান সম্মেলনে পয়োব্যবস্থা উন্নয়নে বেশ কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বাংলাদেশ, নেপাল ও ভুটান অল্পের জন্য লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। অনেক পিছিয়ে পড়েছে আফগানিস্তান ও ভারত।
ষষ্ঠ সাকোসানের প্রতিপাদ্য ‘বেটার স্যানিটেশন, বেটার লাইফ’।
বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান বলেন, দেশে এখন খোলা জায়গায় মলত্যাগ করে মাত্র ১ শতাংশ মানুষ। ২০০৩ সালে এটা ছিল ৪২ শতাংশ, সে সময় উন্নতমানের টয়লেট ছিল ৩৩ শতাংশ। এখন এ হার ৬১ শতাংশ। তিনি বলেন, এখনো এ খাতের বরাদ্দ বেশি পাচ্ছে শহরাঞ্চল। তবে প্রতিবন্ধীদের জন্য সব জায়গায় সুব্যবস্থা নেই।
তবে খোলা জায়গায় মলত্যাগ করা বন্ধ হওয়াকেই পয়োব্যবস্থার উন্নয়ন বলে মানতে রাজি নন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিচালক জুনায়েদ কামাল আহমেদ। তিনি বরং এটিকে উন্নত পয়োব্যবস্থা নিশ্চিত করার প্রথম ধাপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পয়োব্যবস্থার সঙ্গে মানুষের সুস্থতা, শিশুর পুষ্টি, নারী ও মেয়েশিশুদের মর্যাদার সম্পর্ক জড়িয়ে আছে।
সম্মেলনের শুরু থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনাকল্পনা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম দেশটির প্রতিনিধিত্ব করেন। বিকেলে দেশটির প্রেসিডেন্ট মামনূন হোসেইনের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায়মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, ভারতের পল্লি উন্নয়ন, পঞ্চায়েতরাজ, পানি ও পয়োনিষ্কাশনমন্ত্রী বীরেন্দার সিং এবং সার্ক সচিবালয়ের মহাসচিব অর্জুন বাহাদুর থাপাও বক্তব্য দেন। তিন দিনের এ সম্মেলনে সার্ক দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।